নজরবন্দি, শিলিগুড়িঃ করোনার বাড়বাড়ন্তের ফলে একটা সময় প্রশ্নের মুখে পড়েছিল মেয়েদের একদিনের বিশ্বকাপ। অনেকেই মনে করেছিল এবছর হয়ত আয়োজিত হবে না মহিলাদের এই বিশ্বকাপ। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। যেখানে ভারতীয় দলে এবার সুযোগ করে নিয়েছে দুই বঙ্গ তনয়া। ঝুলন ও রিচা। অনেকের মতেই এবারের মহিলা বিশ্বকাপে আশার আলো রিচা। তাদের সাফল্যের কামনাতেই এবার শিলিগুড়ি জুড়ে লাগানো হল ফ্লেক্স।


ঘরের মেয়ের সুযোগ পাওয়ার খুশিতে এবার বিশেষ উদ্যোগ নেয় শিলিগুড়ি ক্রিকেট লাভার্স। এই প্রসঙ্গে ক্রিকেট লাভার্সের সভাপতি মনোজ ভার্মা বলেন, ” আগামী ৬ মার্চ থেকে নিউজিল্যান্ডে নিজেদের অভিযান শুরু করবে ভারত। যেখানে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে আমাদের ঘরের মেয়ে রিচা ঘোষ। আমরা ওকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”
পাশাপাশি তিনি আরও বলেন, কিছুদিন আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দুরন্ত অর্ধশতরান করেছে রিচা। আশাকরি এই ছন্দে নিয়েই আগামী ৬ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। আগামী দিনে ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড় হয়ে উঠতে পারে রিচা। এদিন ভারতীয় দলের এই তারকার বাবার গলায় ও শোনা যায় আনন্দের সুর। তার বাবা সমর ঘোষ বলেন, আমি গর্বিত আমার মেয়েকে নিয়ে।ও ভারতীয় দলে নিয়মিত খেলুক আমি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি।
মহিলা বিশ্বকাপে আশার আলো রিচা, কাপ জয়ের আশায় শিলিগুড়ি

উল্লেখ্য, গত ২০১৭ সালে মিতালি রাজের হাত ধরেই ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। সেবারের বিশ্বকাপ অভিযানের শুরুতে অস্ট্রেলিয়াকে সহ অন্যান্য বেশ কয়েকটি দলকে নাস্তানাবুদ করে শেষ ম্যাচের লড়াইয়ে ইংল্যাণ্ডের বিপক্ষে পরাজিত হতে হয় মিতালিদের। তবে এবার কতটা সফল হয় ভারতীয় দল সেদিকেই নজর সকলের।









