মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! আল কায়দার নামে ইমেল, গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পদে বসার কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজ্যে। আল কায়দার নাম করে ভবানীপুর থানায় পাঠানো হয় একটি হুমকি ইমেল, যেখানে মুখ্যমন্ত্রীর উপর ‘সুইসাইড বম্ব অ্যাটাক’-এর ছক কষার কথা উল্লেখ ছিল। ঘটনার তদন্তে নেমে গার্ডেনরিচ থেকে হাসনেন আলি নামে এক যুবককে গ্রেফতার করেছে এসটিএফ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হুমকি মেল পাঠানো হয়েছিল বলে দাবি পুলিশের।

শুক্রবার সাংবাদিক বৈঠকে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় ওই ইমেলটি আসে। সেখানে দাবি করা হয়, এক মহিলা আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং তাঁর মাধ্যমেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হচ্ছে।

এই মেল ঘিরে তৎক্ষণাৎ নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় চিরুনি তল্লাশি ও ডিজিটাল ট্র্যাকিং। তদন্তে নেমে গার্ডেনরিচ এলাকা থেকে হাসনেন আলিকে আটক করে এসটিএফ। পরে জেরার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

তদন্তকারী সূত্রে খবর, প্রাথমিক জেরায় অভিযুক্ত হুমকি মেল পাঠানোর কথা স্বীকার করেছে। তবে কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। পুলিশ জানিয়েছে, এক মহিলার সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরেই ওই যুবক এই কাণ্ড ঘটায়।

অভিযোগ, ওই মহিলাকে ফাঁসাতেই তাঁর ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে হুমকি মেল পাঠানো হয়েছিল। আল কায়দার নাম ব্যবহার করে আতঙ্ক তৈরি করারও চেষ্টা করা হয় বলে তদন্তকারীদের অনুমান।

এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ধৃতের মোবাইল, ল্যাপটপ ও ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে এসটিএফ।

রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। মুখ্যমন্ত্রীর নামে জঙ্গি হামলার হুমকি মেল রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত