কবে কলকাতায় ঢুকবে বর্ষা? আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গজুড়ে

কেরলে আগেভাগে বর্ষা ঢোকার সম্ভাবনার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেরলে নির্ধারিত সময়ের আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা তৈরি হলেও, কলকাতায় বর্ষা কবে পৌঁছবে তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে চাইছেন না আবহবিদরা। এর মধ্যেই শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে ছয় জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জারি হয়েছে হলুদ সতর্কতা।

সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। তবে ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এ বছর ২৬ মে-র মধ্যেই কেরলে মৌসুমী বায়ু পৌঁছে যেতে পারে। যদিও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কেরলে বর্ষা আগে এলেই যে কলকাতাতেও আগেভাগে বর্ষা ঢুকবে, তার কোনও নিশ্চয়তা নেই।

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের বক্তব্য, কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় ১০ জুনের আশপাশে। তবে এবার কবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শহরে পৌঁছবে, তা নিয়ে মন্তব্য করার আগে কেরলে বর্ষার অগ্রগতির উপর নজর রাখা হবে।

আজ কলকাতার আবহাওয়া কেমন?

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রির আশপাশে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা?

শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় ঝড়ের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের-এর কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন