ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের রাজনৈতিক সংঘাতের আবহে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট তথা তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন-এর বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে সরাসরি নিশানা করলেন তিনি। এক্স-এ পোস্ট করে অভিষেক লিখেছেন, “প্রিয় স্বপ্না, ভারত তোমাকে হতাশ করেছে।”
শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জে স্বপ্না বর্মনের পুরনো বাড়িতে আগুন লাগে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকল বাহিনী। যদিও বাড়িটিতে কেউ থাকতেন না বলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।


ঘটনার পর কান্নাজড়ানো গলায় স্বপ্না জানান, “এভাবে সবকিছু হবে জানলে রাজনীতিতে আসতাম না।” তাঁর অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। এমনকী তাঁকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “দেশের হয়ে এশিয়ান গেমসে সোনা জিতে ভারতকে গর্বিত করেছিলেন স্বপ্না বর্মন। পরে মানুষের সেবা করার আশায় তৃণমূলে যোগ দেন এবং রাজগঞ্জ থেকে প্রার্থী হন। আর সেই কারণেই বিজেপির গুন্ডারা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।”
অভিষেক আরও দাবি করেন, “যে ক্রীড়াবিদ দেশকে গৌরব এনে দিয়েছেন, তাঁকে শুধুমাত্র তৃণমূলের পাশে দাঁড়ানোর কারণে হিংসা ও আতঙ্কের মুখে পড়তে হচ্ছে।”


রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও তীব্র আক্রমণ শানান তিনি। অভিষেকের কথায়, “বিজেপির শাসনকালে এটাই এখন বাংলার নির্মম বাস্তব। এই পরিবর্তনেরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকারকে এর জবাব দিতেই হবে।”
তিনি আরও বলেন, “যদি দেশের জন্য পদকজয়ী একজন ক্রীড়াবিদের সঙ্গেও এমন ঘটনা ঘটে, তাহলে গণতন্ত্রের অবস্থা নিয়ে প্রত্যেক ভারতীয়র উদ্বিগ্ন হওয়া উচিত।”
অন্যদিকে স্বপ্না বর্মন জানিয়েছেন, আগুন লাগা বাড়িটিতে বর্তমানে তাঁরা থাকতেন না। তাঁর ছোট দাদা সেখানে থাকতেন। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁদের পরিবারকে ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ করেছেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাকে ঘিরে রাজ্যে ভোট-পরবর্তী হিংসা বিতর্ক আরও তীব্র হতে পারে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



