জ্ঞানেশ কুমারকে ‘গুজরাটি গ্যাংয়ের পুতুল’ কটাক্ষ! ফের অভিষেককে তলব পুলিশের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা পোস্টের জেরে গুজরাটিদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের পুলিশের তলবের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা একটি পোস্টের জেরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল ভবানীপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। অভিযোগকারীর দাবি, অভিষেকের মন্তব্যে গুজরাটিদের ভাবাবেগে আঘাত লেগেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জ্ঞানেশ কুমারকে নিয়ে কী লিখেছিলেন অভিষেক?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মন্তব্য নিয়েই আপত্তি জানান অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি। গত ২৭ মে তিনি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

- Advertisement -

অভিযোগকারীর বক্তব্য, একজন সাংসদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রত্যাশিত নয়। তাঁর দাবি, এই ধরনের বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি নষ্ট হতে পারে। অভিযোগে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো একাধিক অভিযোগ তোলা হয়েছে।

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবার অভিষেককে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে ভবানীপুর থানায় পৌঁছতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে।

পুলিশকে হুমকি মামলাতেও নোটিস অভিষেককে

একই সময়ে আরও একটি মামলায় পুলিশের তলব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে নোটিস ধরায় পুলিশ। ওই মামলায় আগামী ২০ নভেম্বর থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। সেদিন সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ তাঁর মতো বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদলের পর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি বলে অভিযোগ।

- Advertisement -

এরপর ৩১ অক্টোবর এক মহিলা গিরিশ পার্ক থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই শুক্রবার পুলিশ কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছে হাজিরার নোটিস দেয়। গিরিশ পার্ক থানার পুলিশের দাবি, অভিষেকের বাড়ির তরফে নোটিসটি গ্রহণ করা হয়েছে।

একদিকে মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে পোস্টের জেরে ভবানীপুর থানার তলব, অন্যদিকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানার নোটিস—পরপর দুই ঘটনায় নতুন করে চর্চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই মামলাতেই পুলিশি পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।

তবে দুটি অভিযোগের প্রকৃতি আলাদা। একটি ক্ষেত্রে জ্ঞানেশ কুমারকে নিয়ে অভিষেকের সমাজমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে অভিযোগ দায়ের হয়েছে। অন্য ক্ষেত্রে পুলিশ আধিকারিকদের উদ্দেশে করা মন্তব্যকে ঘিরে এফআইআর হয়েছে।

এখন নজর, ভবানীপুর থানার নির্দেশ মেনে শনিবার অভিষেক হাজিরা দেন কি না এবং ২০ নভেম্বর গিরিশ পার্ক থানার মামলায় তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর