কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাথ দখলমুক্ত করতে বৃহস্পতিবার সকালে অভিযান চালাল কলকাতা পুরসভা। পটুয়াপাড়ার ১২১ নম্বর বাড়ির সামনে বুলডোজ়ার নিয়ে হাজির হন পুরসভার কর্মীরা। ভেঙে ফেলা হয় ফুটপাথের উপরে তৈরি অস্থায়ী বাঁশ ও টিনের ছাউনি। পাশাপাশি অতিরিক্ত লোহার গেটও কাটার কাজ শুরু হয়। অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছিল কলকাতা পুলিশ, কমব্যাট ফোর্স, র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী।
পুরসভা সূত্রে খবর, রাস্তার একাংশ ও ফুটপাথ দখল করে ওই অস্থায়ী কাঠামোগুলি তৈরি করা হয়েছিল। আগে থেকেই এ বিষয়ে নোটিস দেওয়া হয়েছিল। তার পরেই বৃহস্পতিবার সকালে সরাসরি উচ্ছেদ অভিযানে নামে কলকাতা পুরসভা। পুরসভার একাধিক বিভাগের কর্মী এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় ভাঙার কাজ।
বুলডোজ়ার দিয়ে ভাঙা হল অস্থায়ী শেড, সরানো হল লোহার গেট
বৃহস্পতিবার সকাল থেকেই কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুরসভার কর্মীদের আনাগোনা শুরু হয়। সঙ্গে ছিল বুলডোজ়ার এবং একাধিক গাড়ি। প্রথমে বাড়ির সামনের ফুটপাথে থাকা বাঁশ ও টিনের অস্থায়ী ছাউনিটি ভেঙে ফেলা হয়। তার পর নির্মাণের কাজে ব্যবহৃত বাঁশ, টিন-সহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিয়ে যান কর্মীরা।
ছাউনি সরানোর পর ফুটপাথ পরিষ্কারের কাজও শুরু হয়। বাড়ির সীমানা প্রাচীরের বাইরের দিকে থাকা একটি অতিরিক্ত লোহার গেট নিয়েও আপত্তি উঠেছিল। অভিযোগ ছিল, ওই গেটের কারণে ফুটপাথের একাংশ আটকে যাচ্ছিল। সেটি সরাতে আয়রন কাটার ব্যবহার করা হয়।
নিরাপত্তায় পুলিশ, র্যাফ ও কেন্দ্রীয় বাহিনী
পুরসভার এই অভিযান ঘিরে যাতে কোনও উত্তেজনা বা বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য আগে থেকেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কালীঘাট থানার পুলিশ ছাড়াও অন্য থানা থেকে অতিরিক্ত পুলিশকর্মী আনা হয়। এলাকায় মোতায়েন ছিলেন কমব্যাট ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
অভিষেকের বাড়ির সামনের রাস্তার পাশাপাশি পিছনের দিকেও নজরদারি চালানো হয়। নির্দিষ্ট সময় মেনে পুরসভার বিভিন্ন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। গোটা অভিযান চলাকালীন এলাকায় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়।
ফুটপাথ দখল নিয়ে স্থানীয়দের অভিযোগ
এই অস্থায়ী কাঠামো নিয়ে গত কয়েক দিন ধরেই আপত্তি জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল, বাড়ির সামনে ফুটপাথের উপরে বাঁশ ও টিন দিয়ে ছাউনি তৈরি হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের জায়গা সংকুচিত হয়ে পড়েছিল। পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুরসভার তরফে ফুটপাথ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পুরসভা সূত্রে দাবি, ফুটপাথ সাধারণ মানুষের ব্যবহারের জায়গা। সেখানে বেআইনিভাবে কোনও অস্থায়ী কাঠামো তৈরি করা হলে তা সরিয়ে দেওয়াই নিয়ম। সেই নিয়ম মেনেই এই অভিযান চালানো হয়েছে।
শেড তৈরি নিয়ে কী দাবি করেছিল তৃণমূল?
অন্যদিকে, অস্থায়ী ছাউনিটি তৈরির পিছনে নিরাপত্তাজনিত কারণের কথা জানিয়েছিল তৃণমূল। কালীঘাট তৃণমূলের মুখপাত্র অর্ক নাগের বক্তব্য ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জেড প্লাস নিরাপত্তা পেতেন, তখন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বসার জন্য রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ সিকিউরিটির উদ্যোগে ওই ছাউনি তৈরি করা হয়েছিল।
পরবর্তী সময়ে অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হলে ওই ছাউনির প্রয়োজনীয়তাও আর ছিল না। তাই অভিষেকের পক্ষ থেকেই সেটি খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন অর্ক নাগ।
বুধবার সন্ধ্যাতেও ছাউনি খোলার কাজ শুরু করেছিলেন অভিষেকের দপ্তরের কর্মীরা। তাঁরা বাঁশ ও টিনের কিছু অংশ খুলে ফেলেন। তবে পুরো কাঠামো সরানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে কলকাতা পুরসভার কর্মীরা গিয়ে বাকি অংশ ভেঙে সরিয়ে দেন। পুরসভার অভিযানের বিষয়ে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তৃণমূলের তরফে নতুন করে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিষেকের জন্মদিন ঘিরে উত্তেজনার পর ফের আলোচনায় কালীঘাট
উল্লেখ্য, গত ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনের এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। ওই দিন সন্ধ্যায় সমর্থকদের সঙ্গে পুলিশের বচসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল।
তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপির লোকজন এসে অশান্তি তৈরি করেছিল। অন্যদিকে, বিজেপির বক্তব্য ছিল, পটুয়াপাড়া থেকে প্রতিমা নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়াকে কেন্দ্র করেই পরিস্থিতির অবনতি হয়।
সেই ঘটনার পর থেকেই অভিষেকের বাড়ির সামনের নিরাপত্তা ব্যবস্থা এবং ফুটপাথের উপরে থাকা অস্থায়ী কাঠামো নিয়ে আলোচনা চলছিল। বৃহস্পতিবার কলকাতা পুরসভার অভিযানে বাঁশ-টিনের ছাউনি ও অতিরিক্ত লোহার গেট সরানোর কাজ হয়েছে। পাশাপাশি কিয়স্ক এবং অন্যান্য বেআইনি নির্মাণ সরানোর কাজও চলছে বলে জানা গিয়েছে।



