সরকারি জমি দখল করে বেআইনিভাবে অট্টালিকা বা অন্য কোনও নির্মাণ করলে কাউকে রেয়াত করা হবে না। ফলতার জাহাঙ্গির খান থেকে সন্দেশখালির শেখ শাহজাহান—নাম উল্লেখ করেই এ বার এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকারি জমি দখল করে তৈরি হওয়া বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলবে। তাঁর কথায়, ‘আরও অনেক কিছু বাকি আছে।’ ফলে ফলতার পর সন্দেশখালিতেও প্রশাসনের বুলডোজ়ার অভিযান হতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
দু’দিন ধরে ভাঙা হচ্ছে জাহাঙ্গির খানের বাড়ি
দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির খানের প্রাসাদোপম বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ চলছে। আদালতের নির্দেশ মেনেই এই ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবারের পর বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ফের ঘটনাস্থলে পৌঁছন শ্রমিকরা। হাতুড়ি, ড্রিল মেশিন এবং ভাইব্রেটরের সাহায্যে বহুতলের বিভিন্ন অংশ ভাঙার কাজ চলে। গোটা প্রক্রিয়ায় প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।
জাহাঙ্গিরের এই বাড়িকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকা মূল্যের আলিশান অট্টালিকা তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেই জমি এলাকার গরিব মানুষের জন্য আবাসন প্রকল্পে ব্যবহার করার কথাও জানিয়েছেন তিনি।
‘কাউকে ছাড়ব না’, কী বললেন শুভেন্দু?
বৃহস্পতিবার হাওড়ার ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে ফলতা ও সন্দেশখালির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাহাঙ্গির খানের নাম না করে তাঁকে ‘পুষ্পা’ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, ‘কাউকে ছাড়ব না। ফলতায় দেখছেন তো। সরকারি জমিতে ১০ কোটি টাকার বাড়ি। আলিশান অট্টালিকা। বলেছিল না, পুষ্পা ঝুকেগা নেহি! সরকার তদন্ত করছে।’
এরপরই সন্দেশখালির সরবেড়িয়ার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ফলতার মতোই সন্দেশখালিতেও একই ধরনের পদক্ষেপ করা হবে। শেখ শাহজাহানের নাম জড়িয়ে থাকা ফিশ মার্কেটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘শাহজাহান ফিশ মার্কেট? সবে তো শুরু। আরও অনেক কিছু বাকি আছে।’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, ফলতার জাহাঙ্গির খানের বাড়ির মতো সন্দেশখালিতেও কি সরকারি জমি দখল করে তৈরি হওয়া নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাবে প্রশাসন? যদিও কবে বা কোথায় এমন অভিযান হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা ঘোষণা করেননি তিনি।
কালীঘাটে অভিষেকের বাড়ির সামনেও বুলডোজ়ার
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার কালীঘাটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাথ দখলমুক্ত করার কাজ শুরু হয়। ১২১ নম্বর বাড়ির সামনে পুরসভার উদ্যোগে পৌঁছয় বুলডোজ়ার। সূত্রের খবর, রাস্তা ও ফুটপাথের জায়গা দখল করে অস্থায়ী বাঁশ-টিনের কাঠামো তৈরি করা হয়েছিল। সেই কাঠামো সরানোর পাশাপাশি বাড়ির বাইরে ফুটপাথের উপরে বসানো একটি লোহার গেটও খুলে ফেলার কাজ শুরু হয়। গেট কাটতে ব্যবহার করা হয় কাটার মেশিন।
ফলে একই দিনে একদিকে ফলতায় জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, অন্যদিকে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অস্থায়ী কাঠামো সরানোর উদ্যোগ—দুই ঘটনাই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে।
‘বুলডোজ়ার নামিয়েও কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না’, অভিষেক
কালীঘাটে পুরসভার এই পদক্ষেপের পর সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘হাজার হাজার বুলডোজ়ার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।’
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই সরকারি জমি দখল এবং বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়ে আসছে নতুন সরকার। সেই অবস্থান অনুযায়ী বিভিন্ন এলাকায় প্রশাসনিক অভিযানও চলছে। তবে প্রতিটি ক্ষেত্রে জমির মালিকানা, নির্মাণের বৈধতা এবং আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ করা হচ্ছে কি না, তা নিয়েও নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
ফলতার জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজের পর এ বার মুখ্যমন্ত্রীর নিশানায় সন্দেশখালির শেখ শাহজাহান। তাঁর ‘আরও অনেক কিছু বাকি আছে’ মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এখন দেখার, সরকারি জমি দখল ও বেআইনি নির্মাণের অভিযোগে সন্দেশখালিতে প্রশাসন পরবর্তী পদক্ষেপ করে কি না।



