বড়দের দিদি, আর ছোটদের বোন বলুন, পরিবার ছাড়া কাউকে বৌদি বলা যাবে না! নিদান বিজেপি নেতার

Murshidabad BJP News: হরিহরপাড়ার সভায় বৌদি-ভাবি কালচার বন্ধ এবং বন্ধুদের বাড়িতে না ডাকার নিদান বিষ্ণুচরণ শিকদারের। মন্তব্য থেকে দূরত্ব তৈরি করল জেলা বিজেপি নেতৃত্ব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পরিবারের বাইরের কোনও মহিলাকে ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে সম্বোধন করা যাবে না। বয়সে বড় হলে ‘দিদি’, আর ছোট হলে ‘বোন’ বলতে হবে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় প্রকাশ্য সভা থেকে এমনই নিদান দিলেন বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদার। শুধু তাই নয়, সমাজের ‘বৌদি-ভাবি কালচার’ বন্ধ করার পাশাপাশি যুবকদের বন্ধুদের বাড়িতে না ডাকার পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

রবিবার হরিহরপাড়ার ভবানীপুর এলাকায় বিজেপির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। সেখানেই সামাজিক সম্পর্ক ও সম্বোধনের ধরন নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, পরিচিত বা অপরিচিত কোনও মহিলাকে বৌদি কিংবা ভাবি বলে ডাকার প্রচলন বন্ধ হওয়া প্রয়োজন।

- Advertisement -

বিষ্ণুচরণের কথায়, নিজের ভাই, মামাতো দেওর কিংবা পিসতুতো দেওর ছাড়া অন্য কেউ কোনও মহিলাকে বৌদি বলে ডাকবেন না। বয়সে বড় হলে তাঁকে দিদি এবং ছোট হলে বোন বলে সম্বোধন করতে হবে। এমনকি কোনও মহিলাকে জায়গা ছেড়ে দেওয়ার অনুরোধ করার সময়ও ‘বৌদি একটু সরুন’ না বলে ‘দিদি একটু সরুন’ বলার পরামর্শ দেন তিনি।

এই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপি নেতা দাবি করেন, বৌদি ও ভাবি সম্বোধনের সংস্কৃতি থেকে সমাজে নানা ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়। তাই এই প্রচলন বন্ধ করতে হবে। তাঁর বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

শুধু মহিলাদের সম্বোধন নিয়েই নয়, যুবকদের বন্ধুত্বের ধরন নিয়েও পরামর্শ দিয়েছেন বিষ্ণুচরণ। তাঁর বক্তব্য, পুরুষদের উচিত বন্ধুদের বাড়িতে না ডেকে চায়ের দোকান, মন্দির কিংবা ক্লাবের মতো জায়গায় দেখা করা। ফোনে বন্ধুকে বাড়িতে আসতে নিষেধ করে বাইরে দেখা করার কথা বলার পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর মতে, এই ‘বন্ধু কালচার’ ধীরে ধীরে বন্ধ করা প্রয়োজন।

বিষ্ণুচরণের মন্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, বৌদি বা ভাবি সম্বোধনকে কেন্দ্র করে এমন বিভাজনমূলক ধারণা সমাজের বাস্তব সংস্কৃতির সঙ্গে মেলে না।

- Advertisement -

অন্যদিকে, দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন মণ্ডল স্পষ্ট করেছেন, বিষ্ণুচরণের বক্তব্য তাঁর ব্যক্তিগত মত। এটি দলের আনুষ্ঠানিক অবস্থান নয়। মহিলাদের সম্মান করার পাশাপাশি সামাজিক সম্পর্কের প্রচলিত সম্বোধনগুলিকেও স্বীকৃতি দিয়েছেন তিনি। ফলে দলীয় স্তরেও এই মন্তব্য থেকে দূরত্ব তৈরি হয়েছে।

হরিহরপাড়ার সভায় দেওয়া বক্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে বিষ্ণুচরণ শিকদার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর