প্লেঅফের লড়াইয়ের মাঝেই ধাক্কা কেকেআরে! দেশে ফিরলেন রাচীন রবীন্দ্র

গুরুত্বপূর্ণ গুজরাট ম্যাচের আগেই কেকেআর ছাড়লেন রাচীন রবীন্দ্র। নিউজিল্যান্ডের টেস্ট প্রস্তুতি শিবিরে যোগ দিতে দেশে ফিরলেন কিউই অলরাউন্ডার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলের প্লেঅফের আশা এখনও পুরোপুরি শেষ হয়নি কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল নাইট শিবির। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র দল ছেড়ে দেশে ফিরে গেলেন। আন্তর্জাতিক দায়িত্বের কারণেই আইপিএল মাঝপথে ছাড়তে হল তাঁকে।

শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচের আগেই রাচীনের বিদায় নাইট শিবিরে নতুন করে আলোচনা তৈরি করেছে। যদিও এখনও পর্যন্ত এবারের আইপিএলে একটিও ম্যাচ খেলেননি এই কিউই অলরাউন্ডার।

২৭ মে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এরপর ৪ জুন থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি শিবিরে যোগ দিতেই দেশে ফিরেছেন রাচীন রবীন্দ্র।

কেকেআরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেটের প্রস্তুতির জন্য রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন।”

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ফলে আগামী টেস্ট সিরিজগুলিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে কিউই টিম ম্যানেজমেন্ট। রাচীনও সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে।

এবারের নিলামে ২ কোটি টাকায় রাচীনকে দলে নিয়েছিল কেকেআর। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়ের দক্ষতার কারণে তাঁকে নিয়ে প্রত্যাশাও ছিল যথেষ্ট। তবে একাধিকবার আলোচনা হলেও শেষ পর্যন্ত একাদশে সুযোগ পাননি তিনি।

অন্যদিকে, কেকেআরের প্লেঅফের রাস্তা এখন কার্যত কঠিন। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে অজিঙ্ক রাহানের দল। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারলে কার্যত শেষ হয়ে যাবে নাইটদের প্লেঅফের স্বপ্ন।

উল্লেখ্য, রাজ্যে নির্বাচনের কারণে দীর্ঘদিন ঘরের মাঠের বাইরে ছিল কেকেআর। ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালস ম্যাচের পর টানা চারটি অ্যাওয়ে ম্যাচ খেলেছে দল। বৃহস্পতিবার কলকাতায় ফিরেছে নাইট ব্রিগেড। শুক্রবার ইডেন গার্ডেন্সে গুজরাট ম্যাচের প্রস্তুতিতে নামবেন রাহানেরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর