রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পুরসভাগুলিতে পদত্যাগের ধারা অব্যাহত। এবার বড় ধাক্কা খেল দমদম পুরসভা। চেয়ারম্যান হরেন্দর সিং এবং ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট মঙ্গলবার তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
পদত্যাগের পর হরেন্দর সিং দাবি করেন, পুরসভার বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কার্যকরভাবে কাজ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। বিশেষ করে কর্মীর ঘাটতির কারণে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল বলে তিনি অভিযোগ করেন।
তাঁর বক্তব্য, পর্যাপ্ত কর্মী না থাকায় পুরসভার বিভিন্ন পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছিল। সেই কারণেই চেয়ারম্যান পদে থাকা অর্থহীন হয়ে উঠছিল বলে মনে করেন তিনি। শেষ পর্যন্ত সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান হরেন্দর সিং।
অন্যদিকে, একই দিনে ভাইস চেয়ারম্যান বরুণ নট্টও নিজের পদ থেকে ইস্তফা দেন। যদিও তাঁর পদত্যাগের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের একসঙ্গে পদত্যাগ দমদম পুরসভার প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের পুরসভা নির্বাচনে দমদম পুরসভার ২২টি ওয়ার্ডের সবকটিতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর একাধিক পুরসভায় পদত্যাগের ঘটনা সামনে এসেছে।
এর আগে কলকাতা পুরসভা, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, ভাটপাড়া, গারুলিয়া, হালিশহর এবং কাঁথি পুরসভায় একাধিক জনপ্রতিনিধি পদত্যাগ করেছিলেন। বিশেষ করে ব্যারাকপুর পুরসভায় চেয়ারম্যান উত্তম দাসের পদত্যাগ এবং কাউন্সিলরদের ইস্তফার জেরে পুর বোর্ড ভেঙে যাওয়ার ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল।
সেই আবহেই এবার দমদম পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগ নতুন রাজনৈতিক বার্তা বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। আগামী দিনে পুর প্রশাসনে এর কী প্রভাব পড়ে এবং নতুন নেতৃত্ব কে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের।



