ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি লড়াইয়ের সূচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়ে তিনি ভবানীপুর কেন্দ্রের ফলাফল চ্যালেঞ্জ করে একটি ইলেকশন পিটিশন দায়ের করেন।
মামলা দায়েরের জন্য এদিন সরাসরি হাইকোর্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে খবর, নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনে ওথ কমিশনারের সামনে সই করার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী আবেদন জমা দেওয়া হয়।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফল এবং ভোট প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আপত্তি জানিয়ে এই মামলা দায়ের করা হয়েছে। যদিও মামলার বিস্তারিত যুক্তি ও অভিযোগ আদালতের নথি প্রকাশের পরই স্পষ্ট হবে।
হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তাঁর সঙ্গে এদিন আদালতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা।
দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। এদিন তাঁর পাশে ছিলেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুর কেন্দ্রকে ঘিরে এই আইনি লড়াই আগামী দিনে রাজ্যের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে পারে। আদালত এই মামলায় কী অবস্থান নেয় এবং পরবর্তী শুনানিতে কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।



