চাকরি পাইয়ে দেওয়া এবং দলের গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সেই অভিযোগেই গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-১ মণ্ডলের বিজেপির সহ-সভাপতি অভিজিৎ করণ। অভিযোগকারীরাও বিজেপিরই নেতা-কর্মী। দলের এক নেতার লিখিত অভিযোগের ভিত্তিতে নন্দকুমার থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ধৃত নেতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।
অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই চাকরি পাইয়ে দেওয়ার পাশাপাশি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রলোভন দেখিয়ে টাকা তুলছিলেন অভিজিৎ। শুধু চাকরি নয়, সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিভিন্ন জেলা থেকে একাধিক ব্যক্তি এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগকারীদের দাবি। সব মিলিয়ে টাকার অঙ্ক প্রায় ৬ কোটি বলে জানা যাচ্ছে।
এই ঘটনায় নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিক। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে তাঁকে দলের প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল বলে অভিযোগ। গত ১১ নভেম্বর থানায় এফআইআর দায়েরের পর তদন্তে নামে পুলিশ।
শনিবার, ১৪ নভেম্বর অভিজিৎ করণকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে পূর্ব মেদিনীপুরের আদালতে পেশ করা হলে বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে এই ঘটনায় আর কারা যুক্ত, কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং আর্থিক লেনদেনের প্রকৃত পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ। আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁর দাবি, তাঁকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৬ কোটি টাকা তোলার অভিযোগও তিনি মানতে চাননি।
এ প্রসঙ্গে নন্দকুমারের বিজেপি বিধায়ক নির্মল খাঁড়ার বার্তা, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত দলের নেতা হলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত বলেই জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তোলাবাজি, কাটমানি ও সিন্ডিকেটের অভিযোগ ছিল বিজেপির প্রচারের অন্যতম রাজনৈতিক ইস্যু। ক্ষমতায় আসার পরেও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় অস্বস্তি বেড়েছে শাসকদলের। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও সম্প্রতি তোলাবাজির প্রবণতা বন্ধ করার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এই সমস্যা পুরোপুরি নির্মূল করা এখনও সম্ভব হয়নি।
চাকরি ও রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে দলেরই এক নেতার গ্রেফতারি সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এল। তবে অভিযোগের সত্যতা এবং এই ঘটনায় আর কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে।



