পাহাড় সফরে গিয়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) সংক্রান্ত দুর্নীতির অভিযোগে কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াঙের জনসভা থেকে তিনি জানিয়ে দিলেন, অতীতের সমস্ত অনিয়ম ও দুর্নীতির তদন্ত হবে। একইসঙ্গে পাহাড়ে স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক ও পুলিশ নিয়োগেরও বড় ঘোষণা করলেন তিনি।
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড় সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনকল্যাণ শিবির ও জনসভায় অংশ নেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি পূর্বতন সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সরব হন।
শুভেন্দুর দাবি, দীর্ঘদিন ধরে পাহাড়ে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল। বিশেষ করে জিটিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তাঁর বক্তব্য, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই এগোবে।
সভামঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনও দুর্নীতির অভিযোগই ধামাচাপা দেওয়া হবে না। প্রতিটি অভিযোগের তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। “না খাউঙ্গা, না খানে দুঙ্গা” মন্তব্যের মাধ্যমে দুর্নীতিবিরোধী অবস্থানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, জিটিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত অভিযোগে ইতিমধ্যেই তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু জানান, অতীতের সমস্ত নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পাহাড়বাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল নতুন নিয়োগের প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রী জানান, আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশ বিভাগে বড়সড় নিয়োগ শুরু হবে। পাশাপাশি শিক্ষক পদেও নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। তাঁর আশ্বাস, সমস্ত নিয়োগই হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে।
এদিনের সভায় পূর্বতন সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, তিনি শুধুমাত্র রাজনৈতিক সফরের জন্য পাহাড়ে আসেননি। পাহাড়ের উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রশাসনিক সংস্কারের লক্ষ্য নিয়েই তাঁর এই সফর। পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে পাহাড়ের মানুষের কাছে উন্নয়নের সমস্ত সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
দুর্নীতির তদন্ত, স্বচ্ছ নিয়োগ এবং উন্নয়নের আশ্বাস—এই তিন বার্তাকেই সামনে রেখে কার্শিয়াঙের মঞ্চ থেকে পাহাড়ের জন্য নতুন রোডম্যাপ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



