‘ডিজে’ মন্তব্য মামলায় সাড়ে ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে সরাসরি মমতার বাড়িতে অভিষেক

‘ডিজে’ মন্তব্য মামলায় ভবানী ভবনে টানা সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেরিয়েই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে যোগ দিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হল। ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার ভবানী ভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। টানা সাড়ে ছয় ঘণ্টা জেরার পর সন্ধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক।

মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ভবানী ভবনে হাজিরা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। সিআইডি সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে তাঁর বক্তব্য এবং সংশ্লিষ্ট মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করা হয়। সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন তিনি।

তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবন ছেড়ে সরাসরি কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছন তিনি। সেখানে চলা একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে যোগ দেন বলে সূত্রের খবর।

বিতর্কের সূত্রপাত নির্বাচনী প্রচারের সময় অভিষেকের একটি মন্তব্যকে ঘিরে। এক জনসভায় তিনি বলেছিলেন, “৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে ডিজেও বাজবে।” সেই মন্তব্যের বাচনভঙ্গি এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপত্তি তুলে অভিযোগ দায়ের করা হয়।

প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ জমা পড়ে। পরে মামলার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। গত সপ্তাহে তদন্তকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সমন নোটিস দেন। সেই সমনের জবাব দিতেই এদিন তিনি ভবানী ভবনে হাজিরা দেন।

জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের অগ্রগতি নিয়ে সিআইডির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে এই মামলায় ভবিষ্যতে তাঁকে আবারও ডাকা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে একাধিক তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিভিন্ন মামলায় তদন্ত চলার মধ্যেই রাজনৈতিক কর্মসূচি এবং দলীয় বৈঠকে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন তিনি। মঙ্গলবারের জিজ্ঞাসাবাদের পরও সরাসরি দলীয় বৈঠকে যোগ দেওয়াকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর