সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভুয়ো পোস্টকে কেন্দ্র করে আইনি পদক্ষেপের পথে হাঁটলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে একটি ফেসবুক পেজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনাকে ঘিরে ক্রীড়ামহল ও নেটমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সোমবার ঠাকুরপুকুর থানায় জমা দেওয়া অভিযোগে সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, সোশ্যাল মিডিয়ার কয়েকটি পেজ দীর্ঘদিন ধরে তাঁর সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এর ফলে জনমানসে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের কেন্দ্রে রয়েছে ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস’ নামে একটি ফেসবুক পেজ। জানা গিয়েছে, পেজটির অনুসরণকারীর সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। পাশাপাশি ‘স্পোর্টজউইকি’ নামে আরও একটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে।
নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নাকি ইডি তল্লাশি চালিয়েছে। যদিও অভিযোগ দায়েরের পর সংশ্লিষ্ট পোস্ট আর দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে।
পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে সৌরভ উল্লেখ করেছেন, তাঁর সম্পর্কে এমন সব তথ্য প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, দীর্ঘদিন ধরে দেশের হয়ে ক্রিকেট খেলেছেন এবং জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। ফলে তাঁর সামাজিক ও পেশাগত পরিচিতি অত্যন্ত বিস্তৃত। সেই কারণে ভুয়ো তথ্য ছড়িয়ে তাঁর সম্মানহানি করার প্রচেষ্টা আরও উদ্বেগজনক।
অভিযোগপত্রে তিনি আরও বলেন, সমালোচনা ও ভিন্নমতকে তিনি স্বাভাবিকভাবেই গ্রহণ করেন। কিন্তু মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও পেশাগত ক্ষতি করার চেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগেও নিজের নাম জড়িয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সংবাদ প্রতিবেদনে তাঁর রাজনৈতিক বার্তাবাহক হওয়ার দাবি করা হয়েছিল, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। এবার ফের সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে আইনের দ্বারস্থ হলেন ভারতের অন্যতম সফল অধিনায়ক।



