সন্ত্রাসবাদ ইস্যুতে ফের পাকিস্তানকে তীব্র হুঁশিয়ারি দিল ভারত। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়ে দিলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ না করে, তাহলে তার ফল ভয়াবহ হতে পারে। এমনকি মানচিত্র থেকেই পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়তে পারে বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি। ‘অপারেশন সিঁদুর’-এর বর্ষপূর্তির আবহে সেনাপ্রধানের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
শনিবার দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইল্ড’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে আবার ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভারত কীভাবে জবাব দেবে?


সেই প্রশ্নের জবাবেই জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যকলাপ চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।”
সেনাপ্রধানের বক্তব্যে স্পষ্ট, সীমান্তপারের সন্ত্রাস মোকাবিলায় ভারত ভবিষ্যতেও কঠোর অবস্থানই বজায় রাখবে। তাঁর এই মন্তব্য এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রথম বর্ষপূর্তির কয়েকদিন পর।
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ মে কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী শুরু করেছিল ‘অপারেশন সিঁদুর’। ৮৮ ঘণ্টার সেই অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় এবং সন্ত্রাসবাদী নেটওয়ার্কে বড় ধাক্কা লাগে বলে দাবি করা হয়েছিল।


ভারতীয় সেনার দাবি, ওই অভিযানের পর সীমান্তপারের জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তবে সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্য থেকে পরিষ্কার, ভবিষ্যতে আবার কোনও হামলা হলে আরও কঠোর জবাব দিতে প্রস্তুত ভারত।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই মন্তব্য শুধুমাত্র পাকিস্তানের উদ্দেশেই নয়, আন্তর্জাতিক মহলের কাছেও ভারতের নিরাপত্তা নীতির একটি স্পষ্ট বার্তা।







