উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা যুক্ত করেছে পুলিশ। উত্তম আপাতত পুলিশি হেফাজতেই রয়েছেন। শিবুর ক্ষেত্রে ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। নারী নির্যাতন থেকে শুরু করে জমি দুর্নীতি দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ।
সূত্রের খবর, আগামী ২৯ তারিখ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। সেক্ষেত্রে ৩ মার্চ সন্দেশখালিতে সভা করতে পারে শাসক দল। এদিকে, আবার সন্দেশখালিকাণ্ডে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টে। শনিবার এলাকা পরিদর্শনে গিয়েছেন মহিলা শিশু সুরক্ষা কমিশন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, "সন্দেশখালি নিয়ে এত মাতামাতি, চোপড়ায় কি ঘটনা ঘটেছে? একবারও বিজেপি-কংগ্রেস-সিপিআইএমের প্রতিনিধিরা সেখানে গিয়েছেন কি?"
এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিক, ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাটের এসপি হুসেন মেহেদি রহমান এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করেছে সংসদীয় কমিটি।
গত বুধবার উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। তৃণমূলের তিন নেতা শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারির দাবিতে পথে নেমেছেন দ্বীপাঞ্চলের মহিলারা। ঘেরাও করেছেন থানা। এই মুহূর্তে সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা। বন্ধ করা হয়েছে ইন্টারনেট।