নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই সিবিআইয়ের তদন্ত নিয়ে মন্তব্য করে দলের রোষানলে পড়তে হয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে। এবার সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, সিবিআই দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হত।
আরও পড়ুনঃ আবারও মিলল ‘টাকার পাহাড়’! ইঞ্জিনিয়ারের বাড়িতে উদ্ধার ঘুষের কোটি-কোটি টাকা


প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে সিবিআই। শুক্রবার তিন তৃণমূল নেতাকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। প্রত্যেকেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে জানা গেছে। এমনকি গরু পাচারের সঙ্গে যুক্ত তাঁরা। এমনটাও জানা যায়।

এই প্রসঙ্গেই সিবিআইয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন বালুরঘাটের বিজেপির সাংসদ। তিনি বলেন, আরও তাড়াতাড়ি কাজ করলে আমরা খুশি হতাম। অনেক দিন হয়ে গেল, এক বছর পার হয়ে গিয়েছে। এত দেরি করে গ্রেফতার হচ্ছে। আরও আগে গ্রেফতার হলে খুশি হতাম। সিবিআইয়ের তৎপরতা আরও দ্রুত হলে আমরা খুশি হব।
দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হত, দাবি সুকান্তর

এর আগে দিলীপ ঘোষ বলেন, সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না। বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। কতজনকে সাজা দিয়েছে সিবিআই? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই। আমরাও তাদের বিশ্বাস করেছিলাম।কিন্তু ন্যায় মেলেনি। এখন আবার ইডির ওপর আস্থা রেখে দিলীপ ঘোষের মন্তব্য, সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি নিজেদের প্রমাণ করেছে। এখন সুকান্ত মজুমদারের বক্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে।









