আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের বহুচর্চিত মামলায় ফের নতুন মোড়। মামলার শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করল হাই কোর্ট। শনিবার প্রধান বিচারপতি সুজয় পাল নির্দেশ দিয়েছেন, বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগেই একাধিক বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়ানোয় নতুন করে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে সিবিআই তদন্তের আবেদন করেছে নির্যাতিতার পরিবার। পাশাপাশি ঘটনাস্থল পুনরায় পরিদর্শনের অনুমতিও চাওয়া হয়েছে হাই কোর্টে।


অন্যদিকে, তদন্তকারী সংস্থা CBI যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে। পাল্টা সঞ্জয় রায় নিজেকে নির্দোষ দাবি করে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন জানিয়েছেন।
শনিবার প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন-সহ মামলার সমস্ত গুরুত্বপূর্ণ দিক নতুন ডিভিশন বেঞ্চেই শোনা হবে।
উল্লেখযোগ্যভাবে, এর আগে এই মামলা কলকাতা হাই কোর্টের তিনটি বেঞ্চ ছেড়ে দিয়েছে। গত ১২ মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও মামলাটি থেকে সরে দাঁড়ায়। তবে তারা পর্যবেক্ষণে জানিয়েছিল, “এই গুরুত্বপূর্ণ মামলার দ্রুত শুনানি প্রয়োজন।”


একইসঙ্গে ওই বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, “সাজাপ্রাপ্ত ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানে বলেই মনে হচ্ছে। ফলে আধুনিক প্রযুক্তি ও সমস্ত তদন্ত পদ্ধতি ব্যবহার করে সিবিআইয়ের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া উচিত।”
ঘটনাস্থল পরিদর্শনের আবেদন প্রসঙ্গে বিচারপতি মান্থা প্রশ্ন তুলেছিলেন, “সিবিআইয়ের আপত্তি না থাকলে রাজ্যের আপত্তি কোথায়? মামলায় রাজ্য তো পক্ষও নয়।”
তিনি আরও মন্তব্য করেছিলেন, “সঞ্জয় রায়ের বেকসুর খালাসের আবেদন এবং সিবিআইয়ের মৃত্যুদণ্ডের আবেদন একইসঙ্গে শুনানি হওয়া প্রয়োজন।”
সূত্রের খবর, সোমবার নতুন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানাতে পারেন নির্যাতিতার পরিবারের আইনজীবীরা। ফলে আগামী সপ্তাহেই মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে মনে করছে আইন মহল।







