কাটমানি-তোলাবাজির বিরুদ্ধে কড়া শুভেন্দু, নতুন অভিযোগ নিতেও নির্দেশ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক থেকেই দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্যের সমস্ত জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তিনি। আরজি কর কাণ্ডের পর এবার সরাসরি কাটমানি ও তোলাবাজির অভিযোগের ফাইল খুলতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা ও মহিলাদের উপর অত্যাচারের ঘটনাতেও নতুন করে অভিযোগ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

সূত্রের খবর, বৈঠকে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন, হকার, অটোচালক বা সাধারণ মানুষের কাছ থেকে জোর করে তোলা আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ কাটমানি নিয়েছে— এমন অভিযোগ এলেও দ্রুত তদন্ত করে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে। কাটমানি বা তোলাবাজির ঘটনায় রাজনৈতিক পরিচয় দেখে কোনও রকম ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

ভোট-পরবর্তী হিংসা নিয়েও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন পরবর্তী সময়ে যাঁরা আক্রান্ত হয়েছেন বা ভয়ভীতির কারণে আগে অভিযোগ জানাতে পারেননি, তাঁরাও এবার নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন।

মহিলাদের উপর অত্যাচার বা হেনস্থার ঘটনাতেও কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং কোনও অভিযোগ যাতে উপেক্ষিত না হয়, তা নিশ্চিত করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক মহলের মতে, ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক কাঠামোয় কঠোর বার্তা দিতে চাইছে নতুন সরকার। ডায়মন্ড হারবারের বৈঠক সেই কৌশলেরই গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত