নজরবন্দি ব্যুরো: শুক্রবার কাশ্মীরে সেনা-জঙ্গির সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে একজন বাংলার ছেলে সিদ্ধান্ত ছেত্রী। তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। শহীদ যুবকের কফিনবন্দী দেহ ফিরছে বাংলায়। শোকের ছায়া দার্জিলিংয়ের বিজনবাড়িতে। মাত্র দু মাস আগেই বিয়ে করেছিলেন। শেষবার স্বামীকে দেখার অপেক্ষায় নববধূ।
আরও পড়ুন: India-Pakistan: পাক বিদেশমন্ত্রীর ভারত সফর ‘সফল’, দেশে ফিরে কি বললেন বিলাওয়াল


সূত্রে খবর, শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্তরের কান্দি বন এলাকায় অভিযান চালায় ভারতীয় সেনা। একটি গুহার ভিতর থেকে সন্ত্রাসবাদীদের একটি দলকে খুঁজে বের করা হয়। সেইসময়েই জঙ্গিরা একটি বিস্ফোরক ডিভাইস সেনাদের দিকে ছুঁড়ে মারে। আইডিডি বিস্ফোরণে প্রাণ হারায় বছর পঁচিশের সিদ্ধান্ত ছেত্রী। শুক্রবারই দুঃসংবাদ পৌঁছায় নিহত জওয়ানের বাড়িতে। শনিবারও ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। সূত্রে খবর, রাজৌরি থেকে একে ৫৬, ৫৬ রাউন্ড গুলি, ৯ এমএম পিস্তল সহ প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, দার্জিলিংয়ের বিজনবাড়িতে জন্ম সিদ্ধান্তের। ছোট থেকেই স্বপ্ন দেখতেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার। ২০১৯ সালে অল্প বয়সেই সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত। ২০২১ সালে এসএফে নিযুক্ত হন। ছুটি শেষ করে গত ১৪ এপ্রিল কাজে যোগ দেন। সিদ্ধান্তের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



মাত্র দু মাস আগেই বিয়ে করেছিলেন তিনি। শেষবার যাওয়ার আগে স্ত্রীকে কথা দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব ছুটি নিয়ে ফিরে আসবেন। দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করেছেন সিদ্ধান্ত। স্ত্রীকে দেওয়া কথা রাখা হল না। ফিরছেন ঠিকই কিন্তু জীবিত না! বাড়ি ফিরছে সিদ্ধান্তের কফিনবন্দী দেহ। স্বামীকে শেষবার দেখার অপেক্ষায় নববধূ।
Kashmir-এ নিহত জওয়ানের কফিনবন্দী দেহ ফিরছে বাংলায়, দু মাসেই দাম্পত্য জীবনের ইতি!









