নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই বড়সড় দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে বিরবাহা হাঁসদার কনভয়ে থাকা পুলিশের পাইলট কারের সঙ্গে একটি কন্টেনারের সংঘর্ষে আহত হলেন দুই পুলিশকর্মী। তবে স্বস্তির খবর, সম্পূর্ণ নিরাপদ রয়েছেন মন্ত্রী নিজে।
দুর্ঘটনাটি ঘটে ১৬ নম্বর জাতীয় সড়কে, উলুবেড়িয়া থানার অন্তর্গত বীরশিবপুর উড়ালপুলের উপর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে কলকাতায় প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বিরবাহা হাঁসদা। রাত প্রায় বারোটা নাগাদ কনভয়ের সামনে থাকা পাইলট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে সজোরে ধাক্কা মারে।


ধাক্কার তীব্রতায় পুলিশ গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা এক এএসআই ও এক কনস্টেবল গুরুতর জখম হন। দ্রুত তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে-এ। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে এই দুর্ঘটনায় মন্ত্রীর গাড়ির কোনও ক্ষতি হয়নি। ঘটনার পরই তিনি অন্য গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা দেন বলে জানা গিয়েছে।
ভোটের আবহে এই দুর্ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে—কীভাবে নিয়ন্ত্রণ হারাল পাইলট কার, তা খতিয়ে দেখা হচ্ছে।









