নজরবন্দি ব্যুরো: গোয়ায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। বৈঠক শেষ করে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত সফর ‘সফল’ হয়েছে বলে জানালেন বিলাওয়াল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তানকে বিধে একের পর এক তোপ নিয়ে কি বললেন পাক বিদেশমন্ত্রী?
আরও পড়ুন: India-Pakistan: বৈঠকে যোগদানের আগে ভিডিও বার্তা, ভারতে এলেন পাক বিদেশমন্ত্রী


দেশে ফিরে সাংবাদিক বৈঠকে বিলাওয়াল বলেন, “আমি আমার বক্তব্য পেশ করেছি। মিথ্যে অপপ্রচারের কারণে নিরাপত্তাহীনতা রয়েছে। সেখানে আমার ইস্যুগুলি উপস্থাপন করেছি। তার ফলে অপপ্রচার বন্ধ হবে। এটা শুধু ভারতের উদ্দেশে নয়, যারা পাকিস্তানকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়ায় তাদের সকলের জন্য এই বার্তা।” তাঁর কথায়, “কূটনৈতিক ক্ষেত্রে নম্বর বাড়ানোর জন্য সন্ত্রাসবাদকে হাতিয়ার করা উচিৎ নয়।”

শুক্রবার কাশ্মীরের রাজৌরি এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাদের সংঘর্ষে দুই জওয়ান শহীদ হয়। এই ঘটনায় পাকিস্তানকে তোপ দেগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নাম না করে বিলাওয়ালকে ‘সন্ত্রাসবাদের প্রোমোটার’ বলে কটাক্ষ করেন।

শুক্রবার এসসিও মঞ্চে সাংবাদিকদের সামনে হাত জোর করে নমস্কার করতে দেখা যায় বিলাওয়াল ও এস জয়শঙ্করকে। ভারতের বিদেশমন্ত্রী দাবি করেন, সন্ত্রাসবাদকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে তাদের দমন করতে হবে। পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেও পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী। এরইমধ্যে গতকালের কাশ্মীরের ঘটনা আরও একবার পাকিস্তান-ভারতের সম্পর্কে চিড় ধরেছে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।


পাক বিদেশমন্ত্রীর ভারত সফর ‘সফল’, সাংবাদিক বৈঠকে জানালেন বিলাওয়াল

গতকাল এসসিও বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল সহ এসসিও সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরাও উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই এস জয়শঙ্কর সন্ত্রাসবাদ কার্যকলাপের বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “সন্ত্রাসবাদের কোনও যুক্তি হয় না। জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে। যেকোনও ধরনের জঙ্গি হামলার ঘটনা বন্ধ করতে হবে। বিশেষ করে সীমানা পেরিয়ে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ বন্ধ হওয়া প্রয়োজন।” বিলাওয়াল ভারতে আসার আগে টুইটারে ভিডিও বার্তা দিয়ে জানিয়েছিলেন, পাকিস্তানের জন্য এসসিও কতটা গুরুত্বপূর্ণ তা আমার উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। বন্ধুসম দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে ইতিবাচক আলোচনার আশা করছি।” বিশেষজ্ঞ মহলের মতে, পাক বিদেশমন্ত্রীর এই ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ! দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করেই বাধ্যবাধকতার খাতিরেই বিলাওয়াল ভুট্টো জারদারির এই ভারত সফর বলে ধারণা।







