স্ট্রংরুমে সিসি ক্যামেরা বিকল, জঙ্গিপুরে উত্তেজনা: ‘টেকনিক্যাল নয়, দিল্লির গণ্ডগোল’—বায়রনের তোপ

জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে বারবার সিসি ক্যামেরা বিকল, ভোররাতে পৌঁছে তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাসের ক্ষোভ—নিরাপত্তা নিয়ে উঠল বড় প্রশ্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুর্শিদাবাদের জঙ্গিপুরে ভোট-পরবর্তী নিরাপত্তা ঘিরে চাঞ্চল্য। স্ট্রংরুমের সিসি ক্যামেরা বারবার বিকল হয়ে যাওয়ার অভিযোগে শনিবার ভোররাতে উত্তেজনা ছড়ায় জঙ্গিপুর পলিটেকনিক কলেজ চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভ উগরে দেন সাগরদিঘির বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। তাঁর অভিযোগ, এটি কোনও সাধারণ যান্ত্রিক ত্রুটি নয়, বরং এর নেপথ্যে রয়েছে বড়সড় চক্রান্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার ভোটের পর থেকেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে সতর্ক ছিল তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুক্রবার রাতে প্রথমবার সিসি ক্যামেরা বিকল হওয়ার খবর সামনে আসে। প্রশাসনের হস্তক্ষেপে তা সাময়িকভাবে সচল হলেও মাঝরাতে ফের বন্ধ হয়ে যায় ক্যামেরা। এরপরই পরিস্থিতি জটিল আকার নেয়।

- Advertisement -

ভোররাতে ঘটনাস্থলে পৌঁছে স্ট্রংরুমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বায়রন বিশ্বাস। নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাঁর তীব্র বাদানুবাদ হয়। অভিযোগ, একাধিকবার সমস্যা জানানোর পরও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি।

বায়রনের বক্তব্য, “রাতভর দফায় দফায় ক্যামেরা বন্ধ হয়েছে। প্রথমে বলা হয়েছিল, সকাল না হলে সমস্যা মেটানো যাবে না। পরে চাপের মুখে ব্যবস্থা নেওয়া হলেও আবারও একই ঘটনা ঘটেছে। এটা টেকনিক্যাল ফল্ট নয়, দিল্লি ফল্ট।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূচনা হয়েছে।

ঘটনার জেরে কেন্দ্রের শাসক দলকে সরাসরি নিশানা করেছেন তৃণমূল প্রার্থী। তাঁর অভিযোগ, রাজ্যে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলায় ভোটের প্রয়োজনই নেই—আগাম ফল নির্ধারণের চেষ্টা চলছে বলে তাঁর ইঙ্গিত।

উল্লেখ্য, এর আগেও ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন বায়রন বিশ্বাস। একাধিকবার তল্লাশির অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই ঘটনাতেও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তিনি। এবার স্ট্রংরুমের সিসি ক্যামেরা বিকল হওয়া নিয়েও একই অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী।

- Advertisement -

সব মিলিয়ে, দ্বিতীয় দফার ভোটের আগে জঙ্গিপুরের এই ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে ঘটনার তদন্তে নজর রাখা হচ্ছে বলেই সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর