পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। শিল্প, কর্মসংস্থান, কৃষি, পরিকাঠামো, সামাজিক সুরক্ষা এবং সরকারি কর্মীদের মহার্ঘভাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কী ঘোষণা হয়, সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর। পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এর সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, ঘোষণা এবং প্রতিক্রিয়া জানতে নজর রাখুন এই লাইভ আপডেটসে।
01:53 PM
হেরিটেজ কমিশন পুনরুজ্জীবনের বার্তা মুখ্যমন্ত্রীর
বাজেট-পরবর্তী বক্তব্যে ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের হেরিটেজ কমিশনকে পুনরুজ্জীবিত করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “সংস্কৃতিকে আমরা অস্বীকার করতে পারি না। সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটাবই।” একই সঙ্গে তিনি বলেন, দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জাগরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
01:50 PM
সরকারি কর্মীদের ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে আশ্বাস
সরকারি কর্মচারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আপনাদের আন্দোলনের আমিও একটা অংশ ছিলাম। আপনারা নিশ্চিত থাকতে পারেন, টাকা পেয়ে যাবেন।” মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান দূর করার চেষ্টা করা হবে।
তিনি আরও জানান, পুজোর মাসেই কর্মীরা অগ্রিম সুবিধা (Advance) পাবেন। পাশাপাশি আগামী অর্থবর্ষে সপ্তম পে কমিশন কার্যকর করার দিকেও সরকার এগোচ্ছে বলে ইঙ্গিত দেন।
01:47 PM
নারীশক্তির জন্য বিশেষ বরাদ্দ, পিঙ্ক কার্ড চালু
মহিলাদের ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। নারীশক্তি ও দেবীশক্তি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। স্কুলছুট রোধে নতুন উদ্যোগ, কলেজ পড়ুয়াদের জন্য আর্থিক সহায়তা এবং প্রসূতিদের জন্য ২১ হাজার টাকা আর্থিক সহায়তার কথাও তুলে ধরেন তিনি।
এছাড়া সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য ‘পিঙ্ক কার্ড’ চালুর কথা জানানো হয়েছে। পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে।
01:46 PM
কৃষকদের জন্য বাড়তি সহায়তা
বাজেটে কৃষকদের জন্য একাধিক সুবিধার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “অন্নদাতা ভগবান কৃষকদের দু’হাত ভরে দেওয়া হয়েছে।” কৃষকরা অতিরিক্ত ২০০ টাকা করে আর্থিক সুবিধা পাবেন বলে জানান তিনি।
পাশাপাশি কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচি’-র আওতায় রাজ্যের চারটি জেলাকে অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
01:42 PM
দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থার প্রতিশ্রুতি
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিয়োগ কমিটিতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা হবে না। একই সঙ্গে তোলাবাজি ও সিন্ডিকেটরাজ বন্ধ করার লক্ষ্যেই প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, শিল্প ও ব্যবসার ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাধা দূর করার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষাকেও বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
01:36 PM
‘ইতিবাচক বাজেট’, দাবি মুখ্যমন্ত্রীর
বাজেটকে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, রাজ্যে ব্যাপক বিনিয়োগ ও শিল্প আনতে হলে সিন্ডিকেট সংস্কৃতি বন্ধ করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা প্রয়োজন, আর সেই লক্ষ্যেই এই বাজেট তৈরি হয়েছে।
তিনি জানান, আগামী দু’দিন বিধানসভায় বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি প্রবীণ বিধায়ক অশোক দেবও এই বাজেটের প্রশংসা করেছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
01:32 PM
৮ মাসের বাজেট পেশ, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পূর্ববর্তী সরকার ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ করেছিল। সেই কারণেই বর্তমান সরকার পূর্ণ ১২ মাসের পরিবর্তে ৮ মাসের বাজেট পেশ করেছে। তিনি বলেন, “আমরা ১২ মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ পাইনি। তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী ৮ মাসের বাজেট উপস্থাপন করা হয়েছে।”
01:29 PM
বাজেটে মোট বরাদ্দ ৪.৩৮ লক্ষ কোটি টাকা
২০২৬-২৭ অর্থবর্ষের জন্য রাজ্য বাজেটের মোট আকার ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, চলতি বাজেটে মোট বরাদ্দ রাখা হয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। নতুন সরকারের উন্নয়ন, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের জন্য এই বরাদ্দ করা হয়েছে।
01:26 PM
‘বাণিজ্যবান্ধব বাংলা’ গড়ার বার্তা অর্থমন্ত্রীর
বাজেট বক্তৃতায় শিল্প ও বিনিয়োগের পরিবেশ উন্নত করার উপর জোর দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “সিন্ডিকেটরাজের অবসান করে বাণিজ্যবান্ধব বাংলা গড়তে ডবল ইঞ্জিন সরকারের সমস্ত সুযোগসুবিধা নেওয়ার চেষ্টা করেছি।”
অর্থমন্ত্রীর দাবি, শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকার একাধিক নীতি ও প্রকল্প গ্রহণ করেছে, যার প্রতিফলন এবারের বাজেটে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
01:15 PM
দুর্গাপুজোকে বিশ্ব পর্যটনের ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার উদ্যোগ
পর্যটন খাতে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশ্বজনীন পর্যটন ব্র্যান্ডিংয়ের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কঙ্কালীতলা, কালীঘাট, তারাপীঠ এবং কোচবিহারের মদনমোহন মন্দিরের সংরক্ষণ ও পর্যটন প্রসারে বিশেষ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে।
এছাড়া ‘শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট’ এবং ‘শক্তিপীঠ সার্কিট’ গড়ে তোলা হবে। দার্জিলিংকে ইকো-অ্যাডভেঞ্চার পর্যটনের কেন্দ্র হিসেবে উন্নত করার পাশাপাশি ঝাড়গ্রাম চিড়িয়াখানায় টাইগার সাফারি চালুর ঘোষণাও করা হয়েছে।
01:14 PM
গৃহবধূদের জন্য ক্লাউড কিচেনে আর্থিক সহায়তা
মহিলা স্বনির্ভরতা ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহ দিতে নতুন পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে জানানো হয়েছে, কোনও গৃহবধূ যদি ক্লাউড কিচেন ব্যবসা শুরু করতে চান, তাহলে তাঁকে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের মতে, এই উদ্যোগের মাধ্যমে মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ঘরে বসেই আয়ের সুযোগ বৃদ্ধি করা সম্ভব হবে।
12:19 PM
বিধায়ক তহবিল বৃদ্ধি, এবার ১ কোটি টাকা
রাজ্যের বিধায়কদের জন্য বরাদ্দ তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে জানানো হয়েছে, বিধায়ক তহবিল ৭০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হচ্ছে। এর ফলে স্থানীয় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বিধায়কদের হাতে আরও বেশি আর্থিক ক্ষমতা থাকবে।
12:13 PM
এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা
রাজ্যে এক লক্ষ শূন্যপদে নিয়োগের বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এর মধ্যে ২০ হাজার পদ পুলিশ বিভাগে এবং ৫০ হাজার পদ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য বরাদ্দ থাকবে। মোট নিয়োগের অন্তত ৩৩ শতাংশ পদে মহিলাদের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমায় অতিরিক্ত ৫ বছরের ছাড় আগামী দু’বছর পর্যন্ত বহাল রাখার কথাও ঘোষণা করা হয়েছে।
12:12 PM
রাজ্যের ঋণ ৮ লক্ষ কোটির বেশি
বাজেট বক্তৃতায় রাজ্যের আর্থিক অবস্থার চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা। নতুন সরকারের সামনে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং ঋণের চাপ সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
12:11 PM
দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোয় জোর
বাজেট বক্তৃতায় প্রশাসনিক সংস্কারের উপর বিশেষ গুরুত্ব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের।” একই সঙ্গে নাগরিক পরিষেবা আরও সহজলভ্য করতে ‘আপনার সরকার, আপনার পাশে’ নামে নতুন উদ্যোগের কথাও ঘোষণা করেন তিনি।
12:09 PM
সামাজিক সুরক্ষা প্রকল্প চালু রাখার ঘোষণা
রাজ্যে বর্তমানে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প অব্যাহত থাকবে বলে জানালেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল ও প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলিতে পরিবর্তন ও উন্নয়নও আনা হবে।
12:07 PM
বিধানসভায় বাজেট পেশ শুরু
বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করা শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।” শুভেন্দু অধিকারী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
12:00 PM
কিছু ক্ষণের মধ্যেই বাজেট পেশ
পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের আর মাত্র কিছুক্ষণ বাকি। বাজেট পেশের আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের হাতে দেখা গেল পাট ও মাদুরকাঠি দিয়ে তৈরি বিশেষ ফাইল। এই ফাইলেই রয়েছে বাজেটের সমস্ত নথি। বাংলার ঐতিহ্য, গ্রামীণ শিল্প এবং আত্মনির্ভরতার বার্তা তুলে ধরতেই এই বিশেষ নকশার ফাইল ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ফাইলটির উপর রয়েছে মাদুরকাঠির অর্ধচন্দ্রাকৃতি নকশা এবং অশোক স্তম্ভের প্রতীক।
11:50 AM
বাজেটের আগে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
বাজেট পেশের আগে বিধানসভা চত্বরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে এই ধর্মীয় আচার রাজনৈতিক মহলেও বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে।
11:13 AM
বিধানসভায় পৌঁছোলেন শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় পৌঁছে গিয়েছেন। নির্ধারিত সময় অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিসভার বৈঠক শুরু হওয়ার কথা। সেই বৈঠক শেষে বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
11:05 AM
অর্থমন্ত্রী স্বপনের বিধানসভায় আগমন
বিধানসভায় একে একে প্রবেশ করতে শুরু করেছেন বিধায়ক এবং মন্ত্রিসভার সদস্যরা। সকাল সাড়ে ১১টায় মন্ত্রিসভার বৈঠকের পরই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। বাজেট ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উৎসাহ তুঙ্গে।
10:50 AM
বাজেট নথি নিয়ে রওনা দিলেন স্বপন
পাটের তৈরি বিশেষ বাজেট ফাইল নিয়ে নিজের বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সবটাই নতুন বার্তা। এর মধ্যে অনেকটা ধারাবাহিকতা আছে, আবার পরিবর্তনের ছাপও থাকবে। আগামী দিনের পথচলার রূপরেখা এই বাজেটে স্পষ্ট হবে।”
10:47 AM
মোদীর সঙ্গে ছবি পোস্ট করলেন অর্থমন্ত্রী
বাজেট পেশের আগে সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। লোক ভবনে তোলা ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “বাজেটের আগে তাঁর আশীর্বাদ।” রাজনৈতিক মহলে এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।
10:45 AM
বাজেটে কোন দিকে তাকিয়ে রাজ্যবাসী?
নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি উন্নয়ন এবং পরিকাঠামো খাতে কী ধরনের পরিকল্পনা ঘোষণা করা হয়, সেদিকে নজর রয়েছে সাধারণ মানুষের। আগামী পাঁচ বছরের উন্নয়নের রূপরেখাও এই বাজেট থেকে স্পষ্ট হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
10:42 AM
দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকের পর বাজেট
বাজেট পেশের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং নীতি আয়োগের ডেপুটি চেয়ারম্যান অশোক লাহিড়ীর সঙ্গে বৈঠক করেন স্বপন দাশগুপ্ত। দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকগুলি রাজ্যের অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
10:41 AM
কেমন হবে শুভেন্দু সরকারের প্রথম বাজেট?
গত বৃহস্পতিবার শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। সোমবার দুপুর ১২টায় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনী প্রতিশ্রুতি, উন্নয়ন পরিকল্পনা এবং অর্থনৈতিক সংস্কারের রূপরেখা এই বাজেটে কতটা প্রতিফলিত হয়, সেটাই এখন দেখার।
10:30 AM
প্রত্যাশার কেন্দ্রে বিজেপি সরকারের প্রথম বাজেট
ক্ষমতায় আসার পর প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে বিজেপি সরকার। শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান, সরকারি কর্মীদের মহার্ঘভাতা এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন নিয়ে বাজেটে কী ঘোষণা হয়, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।



