নজরবন্দি ব্যুরোঃ ৬ মাসে সর্বনিম্ন করোনায় মৃত্যুর হার, দৈনিক সংক্রমণ কমে ৩০ হাজারের নীচে। ধীরে ধীরে দেশে কমে আসছে করোনার প্রকোপ। গতকালই টানা ১২ দিন সংক্রমণের হার ৪০ হাজারের নীচে থাকার রেকর্ড করেছিল দেশ। বেশ কিছুদিন ধরেই সংক্রমণের হার ৩০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছিলো। তবে আজ সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭১ জন।
আরও পড়ুনঃসুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনই পুরভোট নয়, স্পেশ্যাল অফিসার বসাতে চায় রাজ্য


এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ লক্ষ ৮৪ হাজারে। আরও স্বস্তি দিচ্ছে গত ৬ মাসে সর্বনিম্ন মৃত্যুর হার।সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৪৩,৩৫৫ জন। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৩৬ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৩০,৬৯৫ জন, ফলে এযাবত্ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৯৩,৮৮,১৫৯ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫২ হাজার ৫৮৬ জন।
স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে ভারতে অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেকটাই নিম্নমুখী। ভারতে এই মুহূর্তে মাত্র ৩.৫৭ শতাংশ করোনা-রোগী চিকিত্সাধীন রয়েছেন। সুস্থতার হার ৯৪.৯৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৮,৫৫,১৫৭টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। অন্যদিকে ভারতে আজ পর্যন্ত মোট ১৫.৪৫ কোটি পরীক্ষা হয়েছে।বিগত ২৪ ঘন্টায় ভারতে ৮.৫৫-লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৩ ডিসেম্বর (রবিবার সারা দিনে) ভারতে ৮,৫৫,১৫৭টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ১৫,৪৫,৬৬,৯৯০টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এদিকে, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-এর প্রধান আদর পুনাওয়াল্লা জানান আগামী বছরের জানুয়ারি থেকেই কোভিশিল্ডের টিকাকরণ হবে। ইতিমধ্যেই জরুরিকালীন ভিত্তিতে ভ্যাকসিন বাজারে আনতে কেন্দ্রের কাছে অনুমোদন চেয়েছে।


৬ মাসে সর্বনিম্ন করোনায় মৃত্যুর হার, দৈনিক সংক্রমণ কমে ৩০ হাজারের নীচে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি হওয়া এই ভ্যাকসিন নিয়ে আশায় বুক বাঁধছে দেশও। আদর পুনাওয়াল্লা বলেন, ‘এই মাসের শেষেই আমরা এমারজেন্সি লাইসেন্স পেয়ে যাব। আসল লাইসেন্স পেতে আরও কিছু সময় লাগবে। ২০২১ এর জানুয়ারি থেকেই টিকাকরণ শুরু হয়ে যাবে।’







