চন্দ্রনাথের চালকের শরীর থেকে বের হল গুলি, অস্ত্রোপচারের পরও আশঙ্কাজনক বুদ্ধদেব

মধ্যমগ্রামে হামলায় গুলিবিদ্ধ চালক বুদ্ধদেব বেরার অস্ত্রোপচার সফল। শরীর থেকে বুলেট বের হলেও এখনও সঙ্কটজনক তাঁর অবস্থা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পর এবার সামনে এল বড় চিকিৎসা-সংক্রান্ত আপডেট। গুলিবিদ্ধ চালক বুদ্ধদেব বেরার শরীর থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে বুলেট বের করেছেন চিকিৎসকেরা। যদিও তাঁর শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক বলেই হাসপাতাল সূত্রে খবর। বর্তমানে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।

বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় চন্দ্রনাথ রথের স্করপিও লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। সেই সময় গাড়ি চালাচ্ছিলেন বুদ্ধদেব বেরা। হামলায় গুরুতর জখম হন তিনিও। রক্তাক্ত অবস্থায় তাঁকে এবং চন্দ্রনাথকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন।

বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়েছে। তবে এখনও তিনি বিপদমুক্ত নন।

এদিকে, চন্দ্রনাথ রথের দেহ বুধবার রাতেই পাঠানো হয়েছে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। বৃহস্পতিবার সেখানে তাঁর ময়নাতদন্ত হওয়ার কথা। হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।

ঘটনার পর থেকেই মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকা কার্যত ছাউনি হয়ে উঠেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সাধারণ মানুষের প্রবেশও আপাতত নিয়ন্ত্রিত।

পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞরা বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। যে স্করপিওতে চন্দ্রনাথ ও তাঁর চালক ছিলেন, সেই গাড়ির ভিতর থেকে সংগ্রহ করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নমুনা। চালকের আসন ও পাশের সিটে রক্তের দাগ মিলেছে। গাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরে গাড়িটিকে পরীক্ষার জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান ঘিরে তদন্ত জোরদার হয়েছে। তদন্তকারীদের মতে, হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত