নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। তারই মধ্যে কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট সংলগ্ন হগ মার্কেটে বুলডোজার দিয়ে ভাঙচুরের ঘটনায় এবার সরগরম কলকাতা হাই কোর্ট। অভিযোগ, পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই রাতভর তাণ্ডব চালানো হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা (PIL)। শুধু হগ মার্কেট নয়, ভোট-পরবর্তী হিংসার আবহে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাঙচুর ও হামলার ঘটনাতেও আদালতের হস্তক্ষেপ চেয়েছেন মামলাকারী।
সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, নিউ মার্কেট এলাকার একাধিক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেননি। বরং তাঁদের সামনেই বুলডোজার নিয়ে হকারদের অস্থায়ী কাঠামো ভাঙার অভিযোগ উঠেছে।


পুলিশের সামনেই বুলডোজার তাণ্ডব! হগ মার্কেট কাণ্ডে হাই কোর্টে জনস্বার্থ মামলা

গণনার দিন গভীর রাতে হগ মার্কেট ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিজেপির পতাকা হাতে একদল যুবক এলাকায় ঢুকে ভাঙচুর চালায়। হকারদের দোকান ও অস্থায়ী কাঠামো ভাঙার পাশাপাশি একটি তৃণমূল পার্টি অফিসেও হামলার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তবে সেই সময়ও ভাঙচুর চলতে থাকে বলে অভিযোগ। সেই কারণেই আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন মামলাকারী।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ভোট-পরবর্তী অশান্তির জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও দখলদারির অভিযোগ সামনে এসেছে। তাই শুধুমাত্র নিউ মার্কেট নয়, গোটা পরিস্থিতি নিয়ে আদালতের পর্যবেক্ষণ জরুরি বলেও আবেদন জানানো হয়েছে।


রাজ্যে ১৫ বছর পর রাজনৈতিক পালাবদলের আবহে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও তীব্র হয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।আদালত সূত্রে খবর, আগামীকালই এই জনস্বার্থ মামলার শুনানি হতে পারে।







