‘সিংহ স্থবির মানে দুর্বল নয়’, চন্দ্রনাথ খুনে তৃণমূলকে কড়া বার্তা দিলেন শমীক ভট্টাচার্য

চন্দ্রনাথ রথ খুনকে ‘পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড’ বললেন শমীক ভট্টাচার্য। বারাসত হাসপাতালে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া বার্তা বিজেপির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত। বারাসত মেডিক্যাল কলেজে দাঁড়িয়ে তৃণমূলকে সরাসরি নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, এটি নিছক খুন নয়, বরং “পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড”। একই সঙ্গে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কিন্তু বলব না।”

বৃহস্পতিবার সকালে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন শমীক। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, চন্দ্রনাথ রথ কোনও রাজনৈতিক নেতা ছিলেন না। তিনি শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবেই কাজ করতেন। সেই কারণেই তাঁর প্রশ্ন— এমন একজন মানুষকে লক্ষ্য করে হামলার নেপথ্যে আসল উদ্দেশ্য কী?

শমীকের বক্তব্য, “দুষ্কৃতীরা মঙ্গলগ্রহ থেকে আসেনি। এত বড় পরিকল্পিত হামলা স্থানীয় স্তরের সহযোগিতা ছাড়া সম্ভব নয়।” যদিও সরাসরি কারও নাম করেননি তিনি, তবে তাঁর ইঙ্গিত ছিল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও সমাজবিরোধী চক্রের দিকে।

চন্দ্রনাথের মৃত্যুর খবর কীভাবে শুভেন্দু অধিকারীকে জানাতে হয়েছিল, সেই প্রসঙ্গও তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, “শুভেন্দু ভেবেছিলেন, চন্দ্রনাথকে দ্রুত অন্য হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানো যাবে। তখনও উনি জানতেন না, চন্দ্রনাথ আর নেই। আমাকেই সেই খবর দিতে হয়েছিল। অত্যন্ত মর্মান্তিক মুহূর্ত ছিল সেটা।”

শমীক আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বারাসত-মধ্যমগ্রাম অঞ্চলে অপরাধচক্র সক্রিয় রয়েছে। তাঁর দাবি, জাল আধার কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে অনুপ্রবেশকারীদের নথি তৈরির মতো বেআইনি কাজ এই অঞ্চল থেকেই পরিচালিত হয়। সেই পরিবেশেই অপরাধীরা ভয়হীন হয়ে উঠেছে বলেও অভিযোগ তাঁর।

ভোট-পরবর্তী হিংসার আবহে বিজেপি কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন বলেও জানান শমীক। তাঁর বক্তব্য, “আমাদের ক্ষমতা নেই, এমন ভাবলে ভুল হবে। সিংহ স্থবির মানে এই নয় যে তাকে আঘাত করা যাবে। আমরা পাল্টা ভাষা ব্যবহার করতে পারি, কিন্তু সচেতনভাবেই তা করছি না।”

আগামী শনিবার ব্রিগেডে বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা। সেই প্রেক্ষিতে চন্দ্রনাথ খুনের রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন উঠতেই শমীক বলেন, “মানুষই বিচার করবে। বাংলার মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন।”

এদিকে, এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, “অপরাধীদের রাজনীতিতে জায়গা দেওয়ার ফল আজ গোটা রাজ্য ভোগ করছে।”

চন্দ্রনাথ রথ খুনের তদন্তে ইতিমধ্যেই সিআইডি নেমেছে। পুলিশ সূত্রে খবর, রাজনৈতিক যোগ-সহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন