চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় উত্তরপ্রদেশের বালিয়া থেকে গোলু সিং ওরফে টাইগার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, এই গ্রেফতারি মামলার জট খুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
সিবিআই সূত্রে খবর, বালিয়ায় অভিযান চালিয়ে গোলু সিংকে আটক করা হয়েছে। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীদের ধারণা, খুনের ছক, অভিযুক্তদের নেটওয়ার্ক এবং ঘটনার নেপথ্যের তথ্য সম্পর্কে গোলুর কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।


এর আগে একই মামলায় উত্তরপ্রদেশের বলিয়ারই বাসিন্দা রাজকুমার সিংকে মুজফ্ফরনগর থেকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্ত যত এগোচ্ছে, ততই উত্তরপ্রদেশ-ভিত্তিক একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সম্ভাব্য যোগসূত্র সামনে আসছে বলে সূত্রের দাবি।
তদন্তে উঠে এসেছে, গ্রেফতার হওয়া কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলেও তদন্তকারী সংস্থার দাবি।
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই নতুন করে মামলা দায়ের করেছে সিবিআই। একইসঙ্গে ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এই দলই মামলার সমস্ত দিক খতিয়ে দেখছে।


সূত্রের খবর, তদন্তকারীরা এখন বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল জুড়ে সক্রিয় পেশাদার শ্যুটারদের একটি চক্রের সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখছেন। একাধিক গ্রেফতারির পর তদন্ত সেই দিকেই এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের আগেই তাঁর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনাটি রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল এবং পরে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়।
তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্তদের ধরতে একাধিক রাজ্যে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজন সন্দেহভাজনের খোঁজ চলছে।
চন্দ্রনাথ রথ হত্যা মামলায় গোলু সিংয়ের গ্রেফতারি তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁর জিজ্ঞাসাবাদ থেকে নতুন তথ্য সামনে এলে মামলার তদন্ত আরও দ্রুত এগোতে পারে বলে আশা তদন্তকারীদের।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



