নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের বাড়িতে শুভেন্দু, পরিবারের পাশে থাকার আশ্বাস

চণ্ডীপুরে নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের ফলপ্রকাশের মাত্র দু’দিন পরই আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। রবিবার চণ্ডীপুরে চন্দ্রনাথের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। নিহত সহকারীর ছবিতে মাল্যদান করার পর দীর্ঘক্ষণ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পাশে থাকার আশ্বাসও দেন।

গত ৬ মে মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পরপর চারটি গুলি লাগে তাঁর শরীরে। গুলির আঘাত লাগে পেট, বুক এবং মাথায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় আহত হন গাড়ির চালকও।

এই খুনের ঘটনায় রাজ্যজুড়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহকারীকে এভাবে খুন করা নিয়ে প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়েও। ঘটনার তদন্তে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

তদন্তে উঠে আসে, হামলাকারীরা ঘটনার পর ভিনরাজ্যে পালিয়ে গিয়েছিল। বালি টোলপ্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে করা একটি ডিজিটাল পেমেন্ট সূত্র ধরেই তদন্তকারীরা পৌঁছে যান উত্তরপ্রদেশে। সেখান থেকে দু’জন এবং বিহারের বক্সার এলাকা থেকে এক শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কার নির্দেশে বা কারা সুপারি দিয়ে এই হামলা করিয়েছিল। গোটা ঘটনার নেপথ্যে বড় কোনও চক্র রয়েছে কি না, সেটাও তদন্তের আওতায়।

রবিবার ছিল চন্দ্রনাথ রথের শ্রাদ্ধানুষ্ঠান। বিকেলে চণ্ডীপুরে তাঁর বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে নিহত সহকারীর ছবিতে মাল্যদান করেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলেন তিনি।

সূত্রের খবর, পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, চন্দ্রনাথের মৃত্যুর পর থেকেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মৃতের পরিবারের সমস্ত দায়িত্ব তিনি নেবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত