নবান্নে বড় প্রশাসনিক রদবদল, ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে বদল; একাধিক গুরুত্বপূর্ণ দফতরে নতুন মুখ

নবান্নে প্রশাসনিক রদবদলে একসঙ্গে ১৮ জন আইএএস আধিকারিকের দায়িত্ব বদল। খাদ্য, পরিবহণ, শ্রম, আবাসন, তথ্য ও সংস্কৃতিসহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে নতুন নিয়োগ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের প্রশাসনিক মহলে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিল নবান্ন। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে নবান্নে প্রশাসনিক রদবদল করে একযোগে ১৮ জন আইএএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। খাদ্য, পরিবহণ, আবাসন, শ্রম, নারী ও শিশু কল্যাণ থেকে শুরু করে সুন্দরবন উন্নয়ন— একাধিক গুরুত্বপূর্ণ দফতরে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, এতদিন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব হিসেবে দায়িত্বে থাকা জগদীশ প্রসাদ মিনা এবার খাদ্য ও সরবরাহ দফতরের সচিবের দায়িত্ব গ্রহণ করছেন। অন্যদিকে খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে স্টেট গেজেটিয়ার্সে পাঠানো হয়েছে।

স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের প্রধান সচিব ডঃ রবি ইন্দর সিংকে পরিবহণ দফতরের প্রধান সচিব করা হয়েছে। বর্তমানে পরিবহণ দফতরের দায়িত্বে থাকা সুরেন্দ্র গুপ্তকে দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রধান সচিবের দায়িত্ব।

লোকভবনের সচিব ডঃ সৌমিত্র মোহন তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব হিসেবেও কাজ করবেন। একইসঙ্গে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অনুপ কুমার আগরওয়ালকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর থেকে মৌমিতা গোদারা বসুকে সরিয়ে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে NSATI-র দায়িত্বে থাকা রাজীব কুমারকে প্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র শিল্প বিভাগের দায়িত্বে থাকা রাজেশ পাণ্ডে এবার যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন। ডব্লিউবিএসআইডিসি-র ম্যানেজিং ডিরেক্টর আর. বিমলাকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব করা হয়েছে।

আইসিডিএস-এর ডিরেক্টর রচনা ভগতকে শ্রম দফতরের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের সচিব মুক্তা আর্যকে পাঠানো হয়েছে সুন্দরবন বিষয়ক দফতরে। পাশাপাশি প্রধান আবাসিক কমিশনার দুষ্যন্ত নারিয়াল অতিরিক্তভাবে এনএসএটিআই-এর ডিরেক্টর জেনারেল এবং এসএনটিসিএসএসসি-র চেয়ারম্যানের দায়িত্বও সামলাবেন।

মুখ্যমন্ত্রীর দফতরের উন্নয়নমূলক কাজের প্রধান সমন্বয়কারী নন্দিনী চক্রবর্তীকে বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব করা হয়েছে। ভূমি নথি ও জরিপ অধিকর্তা রণধীর কুমার পেয়েছেন আবাসন দফতরের সচিবের দায়িত্ব।

জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব রাজু মিশ্রকে শুল্ক বিভাগের কমিশনার করা হয়েছে। অন্যদিকে রাজেশ কুমার সিনহাকে সেচ ও জলপথ দফতরের প্রধান সচিব পদে আনা হয়েছে। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা তাঁর বর্তমান দায়িত্বের সঙ্গে পরিবেশ দফতরের প্রধান সচিবের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দফতরের কাজের গতি আরও বাড়ানোর লক্ষ্যেই এই ব্যাপক রদবদল বলে মনে করছে প্রশাসনিক মহল। আগামী দিনে এই নতুন দায়িত্ব বণ্টন রাজ্য প্রশাসনের কাজে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর