সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

সুমিত রায়ের বিরুদ্ধে মেদিনীপুর আদালতের গ্রেফতারি পরোয়ানা। খোঁজে একাধিক অভিযান চালিয়েও হদিস না মেলায় হাই কোর্টে আগাম জামিনের আবেদন করলেন অভিষেকের ঘনিষ্ঠ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে তদন্তে নতুন মোড়। মেদিনীপুরের আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে গ্রেফতার এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত, যা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সোমবার মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তদন্তকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চালানো হলেও এখনও পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সেই প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ।

অন্যদিকে, একই দিনে আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেন সুমিত। তাঁর আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

গত কয়েকদিন ধরে সুমিত রায়ের সন্ধানে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, তিনি অধরা থাকায় তদন্তের অগ্রগতি ব্যাহত হচ্ছে।

শনিবার ভোরে শালবনি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয়। তদন্তকারীদের দাবি, সুমিতের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ওই এলাকাতেই পাওয়া গিয়েছিল।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর পুলিশ বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। যদিও সেখানে সুমিতের কোনও খোঁজ মেলেনি। একই দিনে হুগলির শ্রীরামপুরে তাঁর শ্বশুরবাড়িতেও অভিযান চালানো হয়। সেখান থেকেও কোনও সূত্র পাওয়া যায়নি।

শালবনি থানার একটি মামলার তদন্তে সুমিত রায়ের নাম সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর। বিশেষ করে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের সময় তাঁর নাম উঠে এসেছে বলে তদন্তকারী সূত্রের দাবি।

উল্লেখ্য, ওই মামলায় ধৃত সুজয় হাজরাকে সোমবার ফের আদালতে তোলা হচ্ছে। এর আগে তাঁকে আট দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত।

সুমিত রায়কে খুঁজতে শনিবার ভোররাতে পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে পুলিশ অভিযান শেষ করে সেখান থেকে বেরিয়ে যায়।

তল্লাশির পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, পুলিশ তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে সম্পূর্ণ তল্লাশি চালিয়েছে এবং সেই ঘটনার সমস্ত নথি ও রেকর্ড সংরক্ষিত রয়েছে। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারি এবং আগাম জামিনের আবেদনকে কেন্দ্র করে সুমিত রায়কে ঘিরে তদন্ত এখন আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর