সুপ্রিম কোর্টের নির্দেশে দুবাই থেকে দেশে ফিরেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআর (FIR) খারিজের আবেদন জানিয়ে মামলা করার অনুমতি চেয়েছেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে সেই আবেদন জানান তাঁর আইনজীবীরা। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস (Look Out Notice) রয়েছে কি না, তা জানতে চেয়েও হাই কোর্টের অন্য একটি বেঞ্চের দ্বারস্থ হয়েছেন টুলু।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফেরার কথা ছিল টুলুর। সেই নির্দেশ মেনেই দেশে ফিরেছেন তিনি। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করা যাবে না বলে রক্ষাকবচ দিয়েছে শীর্ষ আদালত। সেই সময়সীমার মধ্যেই নিজের বিরুদ্ধে চলা পুলিশি তদন্ত ও এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি লড়াই শুরু করলেন বীরভূমের এই পাথর ব্যবসায়ী।
পুলিশের এফআইআর খারিজের আবেদন টুলুর: বৃহস্পতিবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে আইনজীবী অয়ন ভট্টাচার্য এবং সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে টুলুর পক্ষ থেকে আবেদন জানানো হয়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।
অন্যদিকে, বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চেও পৃথক আবেদন জানিয়েছেন টুলু। তাঁর আশঙ্কা, তাঁর বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস জারি হয়ে থাকতে পারে। সেই ধরনের কোনও নোটিস রয়েছে কি না, তা তদন্তকারী সংস্থাকে আদালতে জানানোর নির্দেশ দেওয়ার আবেদন করেছেন তাঁর আইনজীবী কিশোর দত্ত। এই মামলাতেও শুনানির অনুমতি দিয়েছে আদালত।
কেন তদন্তকারীদের নজরে টুলু মণ্ডল? বীরভূমে পাথর ব্যবসা, সরকারি ডুপ্লিকেট কার্বন রিসিট (DCR) জালিয়াতি এবং রাজস্ব তছরুপের অভিযোগে দীর্ঘদিন ধরেই তদন্তকারীদের নজরে রয়েছেন টুলু। পুলিশের অভিযোগ, ভুয়ো ডিসিআর ব্যবহার করে সরকারি রাজস্বের ক্ষতি করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা পড়েছে। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে টুলুর।
এর আগে তাঁর এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার বাট উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনাতেও তদন্ত শুরু হয়। তদন্তকারীদের দাবি ছিল, অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই বিদেশে ছিলেন টুলু। তাঁর অবস্থান নিয়ে তদন্ত চলছিল।
শুক্রবার ভবানী ভবনে তলব: এদিকে, বৃহস্পতিবারই বীরভূমের সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়ির বাইরে নোটিস সাঁটিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর ২টোয় তাঁকে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর এলাকায় গত বছর পাঁচ কোটি টাকা উদ্ধারের একটি মামলার তদন্তের সূত্রেই তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
একদিকে পুলিশের তদন্ত, অন্যদিকে হাই কোর্টে জোড়া আইনি আবেদন—টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।



