পশ্চিমবঙ্গের প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের হয়েছে। তাঁদের পাশাপাশি কয়েকজন সরকারি আধিকারিকের নামও অভিযোগে রয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তের আবেদন জানিয়ে সমাজকর্মী রাজীব সরকার ১২ নভেম্বর এই অভিযোগ জমা দেন। বাগুইআটি থানার তরফে অভিযোগটি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সংশ্লিষ্ট থানা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করবে।
কী অভিযোগ উঠেছে প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে?
অভিযোগ অনুযায়ী, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরে কর্মরত কয়েকজন মহিলার তরফে প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানানো হয়েছিল। তাঁদের অভিযোগের মধ্যে রয়েছে ধর্ষণ, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো বিষয়।
সমাজকর্মী রাজীব সরকার ওই অভিযোগগুলি খতিয়ে দেখে তদন্তের আবেদন জানিয়েছেন। তাঁর জমা দেওয়া লিখিত অভিযোগে প্রাক্তন দুই মন্ত্রী ছাড়াও একাধিক সরকারি আধিকারিকের নাম রয়েছে বলে সূত্রের খবর। তবে অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। এ বিষয়ে আদালতের কোনও সিদ্ধান্তের কথাও এখনও জানা যায়নি।
কী এই জিরো এফআইআর?
১২ নভেম্বর বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানায় অভিযোগটি জমা পড়ে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (Bharatiya Nagarik Suraksha Sanhita বা BNSS), ২০২৩-এর ১৭৩(১) ধারার উল্লেখ করে অবিলম্বে জিরো এফআইআর দায়েরের আবেদন জানান অভিযোগকারী।
জিরো এফআইআর-এর ক্ষেত্রে অপরাধের ঘটনাস্থল সংশ্লিষ্ট থানার এলাকার মধ্যে না হলেও যে কোনও থানায় অভিযোগ নথিভুক্ত করা যায়। পরে সেই অভিযোগ তদন্তের দায়িত্বপ্রাপ্ত বা উপযুক্ত থানায় পাঠানো হয়। বাগুইআটি থানার ক্ষেত্রেও অভিযোগটি সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।



