ভারতীয় ফুটবলের প্রশাসন নিয়ে অসন্তোষ এবার পৌঁছে গেল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দরজায়। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবের অপসারণের দাবি জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তাঁর সঙ্গে চিঠিতে সই করেছেন আরও ১৪ জন প্রাক্তন ফুটবলার। গত তিন বছরে ভারতীয় ফুটবলের অগ্রগতি, ফেডারেশনের পরিচালন ব্যবস্থা এবং দেশের ফুটবলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছেন তাঁরা।
১৭ নভেম্বর লেখা ওই চিঠিতে প্রাক্তন ফুটবলারেরা দাবি করেছেন, কল্যাণ চৌবে এবং তাঁর পরিচালন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ফুটবলের পরিস্থিতির অবনতি হয়েছে। চিঠিতে তাঁদের বক্তব্য, দেশের ফুটবলের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের মতো দেশের মর্যাদার সঙ্গে তা মানানসই নয়।
ফিফা ক্রমতালিকা থেকে আইএসএল, একাধিক বিষয়ে প্রশ্ন: চিঠিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফিফা (FIFA) ক্রমতালিকায় ভারতের অবস্থানের অবনতিকে। ভাইচুংদের দাবি, গত তিন বছরে ভারতের স্থান ৯৫ থেকে নেমে ১৩৮ হয়েছে। তাঁদের মতে, যখন ভারত অলিম্পিক্স আয়োজনের স্বপ্ন দেখছে, তখন ফুটবলে এই পতন যথেষ্ট উদ্বেগজনক।
দেশের অন্যতম প্রধান ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, দেশের সেরা লিগ যথাযথভাবে আয়োজন করতে ব্যর্থ হয়েছে ফেডারেশন। জামশেদপুর এফসির মতো ক্লাবের ভবিষ্যৎ এবং টাটা গোষ্ঠীর আগ্রহ কমে যাওয়ার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে চিঠিতে। এর ফলে ফুটবলারদের উপার্জন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে বলে দাবি প্রাক্তনদের।
ব্রাজিল ও উরুগুয়ের মতো আন্তর্জাতিক দলকে এনে ম্যাচ আয়োজনের খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন ভাইচুংরা। তাঁদের বক্তব্য, ফেডারেশনের আর্থিক পরিস্থিতি ভালো না থাকা সত্ত্বেও এই ম্যাচগুলির জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। অথচ এই ধরনের ম্যাচ থেকে ভারতীয় ফুটবলের উন্নতি কতটা সম্ভব, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, এই ম্যাচ আয়োজনের জন্য ফিফা অনুমোদিত আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করা হয়েছিল।
কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ আয়োজনের পরও গ্যালারির বড় অংশ ফাঁকা থাকার বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রাক্তন ফুটবলারদের মতে, কলকাতার মতো ফুটবলপ্রেমী শহরেও দর্শকদের আগ্রহ কমে যাওয়ার বিষয়টি ফেডারেশনের জন্য উদ্বেগের।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়েও অসন্তোষ: সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে পাঠানোর প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ফুটবলারেরা। তাঁদের অভিযোগ, প্রতিযোগিতার আগে যথাযথ প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করা হয়নি। জাতীয় দলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন দায়সারা মনোভাব গ্রহণযোগ্য নয় বলেই তাঁদের বক্তব্য।
চিঠির শেষাংশে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা। আগামী মেয়াদে ফেডারেশনের নেতৃত্বে যোগ্য ও প্রমাণিত কাউকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে। তাঁদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে ভারতীয় ফুটবলকে পুনরুজ্জীবিত করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে।
ভাইচুং ভুটিয়া ছাড়াও চিঠিতে সই করেছেন দীপক মন্ডল, অরিন্দম ভট্টাচার্য, রেনেডি সিংহ, আনোয়ার আলি, ধনচন্দ্র সিংহ, অ্যালভিটো ডি কুনহা, সতীশ ভারতী, মনজিৎ সিংহ, বলবন্ত সিংহ, করণজিৎ সিংহ, সেহনাজ সিংহ, হরপ্রীত সিংহ, বলদীপ সিংহ এবং হরমোনজ্যোৎ সিংহ খাবড়া।
এই চিঠির মাধ্যমে AIFF-এর বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে প্রাক্তন ফুটবলারদের অসন্তোষ আরও প্রকাশ্যে এল। আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। তার আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে এই ১৫ প্রাক্তন ফুটবলারের আবেদন ভারতীয় ফুটবলের প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।



