শালবনির জমি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তার পরেও বাকি চারটি মামলায় গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার, ১৯ নভেম্বর সেই আর্জিতে সাড়া দিল না আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, ইতিমধ্যেই গ্রেফতার হয়ে যাওয়ার পরে রক্ষাকবচের আর কোনও কার্যকর অর্থ নেই। ফলে চারটি মামলাতেই আপাতত আদালতের তরফে কোনও অন্তর্বর্তী সুরক্ষা পেলেন না সুমিত।
সুমিতের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানায় জমি দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল। ওই মামলার তদন্তে নেমে গত সেপ্টেম্বরে তাঁকে গ্রেফতার করে সিআইডি। এর পর ডেবরা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি সামনে আসে। শালবনির মামলায় গ্রেফতার হওয়ার পর অন্য মামলাগুলিতেও তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে পুলিশ। অর্থাৎ, একটি মামলায় হেফাজতে থাকা অভিযুক্তকে অন্য মামলাতেও আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার দেখানো হয়।
ডায়মন্ড হারবারের সরিষার আশুতির একটি তৃণমূল কার্যালয় থেকে টাকা উদ্ধারের মামলাতেও সুমিতের নাম উঠে আসে। ওই মামলার তদন্তে তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছিল ডায়মন্ড হারবার পুলিশ। শালবনির মামলা বাদে মোট চারটি মামলায় তাঁর বিরুদ্ধে এই ‘শোন অ্যারেস্ট’-এর প্রক্রিয়া চলে।
কী যুক্তি দেখিয়েছিলেন সুমিতের আইনজীবীরা? বাকি চারটি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন সুমিত। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী শঙ্করায়ন এবং অয়ন ভট্টাচার্য। অন্য দিকে রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, সুপ্রিম কোর্টে সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়।
দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ভট্টাচার্য জানান, সুমিত ইতিমধ্যেই গ্রেফতার হওয়ায় রক্ষাকবচ দেওয়ার আর কোনও লাভ নেই। এই মামলাগুলিতে কোনও অন্তর্বর্তী নির্দেশও দেওয়া হবে না বলে জানিয়ে দেন তিনি। ফলে বাকি চার মামলায় সুমিতের রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যায়।
কীভাবে গ্রেফতার হয়েছিলেন অভিষেকের আপ্তসহায়ক? উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করেছিল সিআইডি। শীর্ষ আদালতের রায় প্রকাশ্যে আসার পরেই তাঁকে গ্রেফতার করতে অভিষেকের বাড়িতে পৌঁছেছিলেন তদন্তকারীরা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। সেই সময় বাড়ির নিরাপত্তারক্ষীদের সঙ্গে সিআইডি আধিকারিকদের ধস্তাধস্তিও হয় বলে জানা যায়। কিছুক্ষণ বাগ্বিতণ্ডার পর বাড়ির ভিতরে প্রবেশ করে সুমিতকে গ্রেফতার করে সিআইডি।
বৃহস্পতিবারের হাই কোর্টের নির্দেশের ফলে সুমিতের আইনি লড়াইয়ে নতুন করে ধাক্কা লাগল। শালবনির জমি দুর্নীতি মামলার পাশাপাশি বাকি চারটি মামলাতেও আপাতত রক্ষাকবচের সুযোগ রইল না তাঁর।



