বিচারপতিদের নিয়ে মন্তব্যে বড় বিপাকে অভিষেক! ১৫ দিনের মধ্যে জবাব চাইল কলকাতা হাই কোর্ট, কেন হবে না সাজা?

বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাই কোর্টের। ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে তৃণমূল সাংসদকে। আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিচারপতিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের (Justice Krishna Rao) এজলাস থেকে তাঁকে ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে তাঁর মন্তব্যকে ফৌজদারি আদালত অবমাননার আওতায় কেন ধরা হবে না, সেই প্রশ্ন তুলেছে আদালত। একই সঙ্গে বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগেরও ব্যাখ্যা চাওয়া হয়েছে অভিষেকের কাছে।

শুধু মন্তব্যের ব্যাখ্যাই নয়, আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টার প্রসঙ্গও। আগামী ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। তবে শোকজের অর্থ এই নয় যে অভিষেককে ইতিমধ্যেই আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়েছে।

- Advertisement -

অভিষেকের বিরুদ্ধে এই পদক্ষেপের সূত্রপাত তাঁর একটি টেলিভিশন সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে বিচারব্যবস্থার একাংশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। অভিযোগ করেছিলেন, বিচারবিভাগের একটি অংশ বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাঁর এই মন্তব্য নিয়েই আদালতে আপত্তি জানায় রাজ্য সরকার।

এর আগে গত ১২ নভেম্বর অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে বিষয়টি তোলেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি আদালতে সাক্ষাৎকারের প্রতিলিপি এবং ভিডিও-সহ পেনড্রাইভ জমা দেন। তাঁর বক্তব্য ছিল, একজন সাংসদের কাছ থেকে বিচারপতিদের সম্পর্কে এমন মন্তব্য বিচারব্যবস্থার মর্যাদাকে আঘাত করে। অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার মামলা শুরু করার আর্জিও জানায় রাজ্য।

এর পরেই বিচারপতি কৃষ্ণ রাও অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেছিলেন, কোন কোন বিচারপতির সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে বলে তাঁর মক্কেল মনে করেন, তার তালিকা আদালতে জমা দিতে পারবেন কি না। বিচারপতির এই মন্তব্য ঘিরে আগেই রাজনৈতিক ও আইনি মহলে আলোচনা শুরু হয়েছিল।

অন্যদিকে, অভিষেকের আইনজীবীর বক্তব্য ছিল, তাঁর মক্কেলের নিরাপত্তা সংক্রান্ত মামলার সঙ্গে সাক্ষাৎকারের মন্তব্যের কোনও সম্পর্ক নেই। নিরাপত্তা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। সেই মামলার শুনানির মধ্যেই বিচারব্যবস্থা সম্পর্কে তাঁর মন্তব্যের প্রসঙ্গ ওঠে।

- Advertisement -

এবার সরাসরি শোকজ করে ১৫ দিনের মধ্যে জবাব চাইল আদালত। অভিষেকের ব্যাখ্যা পাওয়ার পরই পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করবে আদালত। আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর