মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে ঝলসে গিয়েছিলেন, দু’মাসের লড়াই শেষে মৃত্যু নিকিতা সাহার

দার্জিলিঙের সিটঙে মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে গুরুতর দগ্ধ হয়েছিলেন চোপড়ার নিকিতা সাহা। প্রায় দু’মাস চিকিৎসার পর বৃহস্পতিবার ভোরে কলকাতার হাসপাতালে মৃত্যু হল তাঁর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দার্জিলিঙের সিটঙে মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে গুরুতর দগ্ধ হয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার নববধূ নিকিতা সাহা। প্রায় দু’মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। বিয়ের পর নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন নিকিতা ও তাঁর স্বামী সমীর দাস। কিন্তু ১৩ সেপ্টেম্বরের সেই ভয়াবহ দুর্ঘটনা শেষ পর্যন্ত কেড়ে নিল তরুণীর প্রাণ।

ঘটনাটি ঘটেছিল দার্জিলিঙের সিটঙের একটি হোমস্টেতে। মধুচন্দ্রিমায় গিয়ে সেখানে বারান্দায় বার্বিকিউয়ের আয়োজন করেছিলেন নবদম্পতি। সেই সময় আগুনের তীব্র শিখা ছড়িয়ে পড়ে নিকিতার শরীরে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছে।

কীভাবে ঘটেছিল দুর্ঘটনা? হোমস্টের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, বারান্দায় বার্বিকিউয়ের সামনে বসেছিলেন নিকিতা ও সমীর। তাঁদের সামনে আগুনের ব্যবস্থা করা হচ্ছিল। সেই সময় এক ব্যক্তি বার্বিকিউয়ের আগুনে কোনও তরল পদার্থ ঢালতেই আচমকা দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে নিকিতার শরীরে।

স্ত্রীকে বাঁচাতে দ্রুত নিজের পরনের জামা খুলে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন সমীর। এই ঘটনায় তাঁরও হাতে চোট লাগে। পরে নিকিতার স্বামী হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। তাঁর দাবি ছিল, আগুনের তাপ বাড়াতে বার্বিকিউয়ে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছিল।

শিলিগুড়ি থেকে কলকাতায় স্থানান্তর, শেষরক্ষা হল না: দীর্ঘদিন শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর নিকিতাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হোমস্টের মালিক-সহ গ্রেফতার হয়েছিলেন চার জন: এই দুর্ঘটনার পর সিটঙের হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নিকিতার পরিবার। ঘটনার তদন্তে নেমে হোমস্টের মালিক-সহ চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বার্বিকিউয়ের আগুনে কী পদার্থ ব্যবহার করা হয়েছিল এবং কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়। পরিবারের অভিযোগ ছিল, দুর্ঘটনার পর নিকিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও দেরি হয়েছিল।

বিয়ের পর মাত্র কয়েক মাসের সংসার। মধুচন্দ্রিমার আনন্দ মুহূর্তে পরিণত হয়েছিল দুঃস্বপ্নে। প্রায় দু’মাস চিকিৎসার পরও নিকিতাকে বাঁচানো গেল না। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চোপড়ার দাস ও সাহা পরিবারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর