সুমিত রায়— নামটি এতদিন মূলত তৃণমূলের অন্দরের পরিচিত মহলেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গভীর রাতে পুলিশি তল্লাশির পর হঠাৎই রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন তিনি। শালবনি থানার মামলার তদন্তে তাঁকে খুঁজতে গিয়ে পুলিশ অভিষেকের বাড়িতে পৌঁছয়, আর তারপর থেকেই প্রশ্ন— কে এই সুমিত রায়?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে সুমিত রায়ের পরিচয় শুধু একজন সহযোগী হিসেবে নয়, বরং দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর হিসেবে। স্কুলজীবনের বন্ধুত্ব থেকে শুরু করে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব— ধাপে ধাপে তিনি হয়ে উঠেছিলেন অভিষেকের অন্যতম আস্থাভাজন মুখ।
দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন অভিষেক ও সুমিত। ছাত্রজীবনের সেই পরিচয় পরবর্তী সময়েও অটুট ছিল। রাজনীতিতে অভিষেকের উত্থানের পরও তাঁদের যোগাযোগ অব্যাহত থাকে।
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর যুব রাজনীতিতে অভিষেকের উত্থান শুরু হয়। সেই সময় তাঁর ঘনিষ্ঠ বৃত্তে একাধিক প্রভাবশালী মুখ থাকলেও সুমিত ছিলেন অপেক্ষাকৃত পিছনের সারিতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সমীকরণ বদলাতে থাকে।
কয়লাপাচার মামলাসহ বিভিন্ন বিতর্কে অভিষেকের পুরনো ঘনিষ্ঠদের একাংশ দূরে সরে গেলে সংগঠনের ভিতরে সুমিতের গুরুত্ব বাড়তে শুরু করে। বিশেষ করে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর এবং ২০২১ সালের বিধানসভা ভোটের পর তাঁর প্রভাব আরও বৃদ্ধি পায় বলে রাজনৈতিক মহলের ধারণা।
দলীয় সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবারের সাংগঠনিক কাজকর্ম, জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয়, প্রশাসনিক রিপোর্ট বিশ্লেষণ এবং সাংগঠনিক মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে সক্রিয় ভূমিকা পালন করতেন সুমিত। অনেকের মতে, অভিষেকের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি কার্যত ‘চোখ ও কান’-এর ভূমিকা পালন করতেন।
দলীয় মহলে এমনও প্রচলিত ছিল যে, অভিষেকের কাছে কোনও বার্তা পৌঁছাতে হলে অনেক ক্ষেত্রেই সুমিতের মাধ্যমে যোগাযোগ করতে হত। একাধিক যুবনেতা তাঁকে ‘ক্যাপ্টেন’ বলেও সম্বোধন করতেন।
সাম্প্রতিক তদন্তে সুমিত রায়ের নাম সামনে আসার পরই তাঁকে খুঁজতে তৎপর হয় পুলিশ। তদন্তকারী সূত্রের দাবি, তাঁর মোবাইলের সর্বশেষ টাওয়ার লোকেশন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশপাশে পাওয়া গিয়েছিল। সেই সূত্র ধরেই শুক্রবার গভীর রাতে সেখানে তল্লাশি চালানো হয়।
প্রায় সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর পুলিশ বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং প্রায় ৯০ মিনিট ধরে তল্লাশি চালায়। তবে সরকারি নথি অনুযায়ী, ওই অভিযানে কোনও সামগ্রী বাজেয়াপ্ত করা হয়নি।
শুধু কালীঘাট নয়, হুগলির শ্রীরামপুরে সুমিত রায়ের শ্বশুরবাড়িতেও পৌঁছয় তদন্তকারীরা। তবে সেখানেও তাঁর কোনও খোঁজ মেলেনি। পরিবারের সদস্যদের দাবি, গত কয়েকদিনে তিনি সেখানে যাননি।
রাজনৈতিক এবং প্রশাসনিক দুই মহলেই এখন সবচেয়ে বড় প্রশ্ন— সুমিত রায় কোথায়? কারণ তাঁকে ঘিরেই যে তদন্তের নতুন অধ্যায় শুরু হয়েছে, তা স্পষ্ট। আর সেই কারণেই একসময় পর্দার আড়ালে থাকা এই সংগঠক এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক চরিত্রে পরিণত হয়েছেন।



