অভিষেকের মন্তব্যে অসন্তুষ্ট হাই কোর্ট, তবু ২৯ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচ! কী যুক্তিতে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ?

বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। রাজ্যের আপত্তি খারিজ করে ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়াল বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্যকে ‘কষ্টদায়ক’ বলে উল্লেখ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তবে সেই মন্তব্যের জেরে আপাতত তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করা হচ্ছে না। বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Saugata Bhattacharya) বেঞ্চ অভিষেকের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। আদালতের বক্তব্য, বিচারব্যবস্থা সম্পর্কে মন্তব্য করা নিয়ে আপত্তি থাকলেও, শুধু সেই কারণ দেখিয়ে অন্তর্বর্তী সুরক্ষা খারিজ করা যায় না। রাজ্যের তরফে অবশ্য এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছিল।

শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার অভিষেকের একটি সমাজমাধ্যমের পোস্টের প্রসঙ্গ তোলেন। তাঁর বক্তব্য, বিচারব্যবস্থা সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে যখন তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন তাঁকে কীভাবে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া যায়? পাল্টা আদালত জানতে চায়, বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের অভিযোগকে কি এই মামলায় রক্ষাকবচের মেয়াদ না বাড়ানোর কারণ হিসেবে দেখানো যায়?

‘মন্তব্য কষ্টদায়ক’, কী বলল আদালত?

শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করেন, কোনও মামলাকারী আদালতের নির্দেশ বা বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করলে তা অস্বস্তিকর হতে পারে। বিশেষ করে কোনও সাংসদ এমন মন্তব্য করলে তাঁর অনুগামীদের কাছে কী বার্তা পৌঁছয়, সেই প্রশ্নও তোলে আদালত।

তবে আদালতের পর্যবেক্ষণ, মন্তব্যগুলি কষ্টদায়ক হলেও সেগুলি ইচ্ছাকৃত ও জেনেশুনে আদালত অবমাননার পর্যায়ে পড়ে কি না, তা পৃথকভাবে বিবেচনার বিষয়। বিচারপতি জানান, উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে আদালত অবমাননার পদক্ষেপ করা যেতে পারে। কিন্তু সেই বিষয়কে অন্য মামলায় অন্তর্বর্তী সুরক্ষা প্রত্যাহারের যুক্তি হিসেবে ব্যবহার করা যায় না।

অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া কেন?

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যের জেরে গত ১৭ নভেম্বর কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও (Justice Krishna Rao) তাঁর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করেন। বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে অভিষেকের মন্তব্য এবং ৭ নভেম্বরের একটি ফেসবুক পোস্ট খতিয়ে দেখেই এই পদক্ষেপ করা হয়।

অভিষেককে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়েছে। তবে আদালত অবমাননার সেই প্রক্রিয়া এবং অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির শুনানি দুটি পৃথক বিষয়। একটির সঙ্গে অন্যটিকে সরাসরি জুড়ে দিতে রাজি হয়নি আদালত।

তদন্তের অগ্রগতি জানাতে নির্দেশ

অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানোর পাশাপাশি রাজ্যের কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চেয়েছে আদালত। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে হলফনামা জমা দিতে সময় প্রয়োজন। আদালত অভিষেকের আইনজীবীকেও তাঁর মক্কেলের মন্তব্য সম্পর্কে অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে বলেছে।

শেষ পর্যন্ত রাজ্যের তরফে এমন কোনও পরিস্থিতির পরিবর্তন দেখানো যায়নি, যার ভিত্তিতে অভিষেকের অন্তর্বর্তী সুরক্ষা প্রত্যাহার করা যেতে পারে। তদন্তে অসহযোগিতার বিষয়টিও প্রমাণ করতে পারেনি রাজ্য। সেই কারণেই আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার সুযোগও রাজ্যকে দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর