পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জরুরি চিকিৎসার দাবি জানিয়ে দেশের সরকারের কাছে আবেদন করেছেন তিনি। তাঁর অভিযোগ, কারাগারে পর্যাপ্ত চিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা মিলছে না। এমনকি বর্তমান পরিস্থিতিতে জেল থেকে আর জীবিত অবস্থায় ফিরতে পারবেন কি না, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।
আইনজীবী সালমান সফদরের প্রকাশ করা একটি চিঠিতে ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে কারাগারের পরিস্থিতি তাঁকে এমন জায়গায় ঠেলে দিয়েছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না। একই সঙ্গে স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি। তবে ইমরানের অভিযোগের সঙ্গে সহমত নয় পাকিস্তান সরকার। তাদের দাবি, নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
চিঠিতে ইমরান খানের দাবি, দিনে প্রায় ২২ ঘণ্টা তাঁকে নির্জন কারাবাসে রাখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা, বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগও সীমিত। এই পরিস্থিতি তাঁর মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলছে বলে জানিয়েছেন তিনি। আইনজীবীদের সঙ্গেও দীর্ঘ সময় যোগাযোগের সুযোগ পাননি বলে অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ
ইমরান খানের শারীরিক সমস্যা নিয়ে গত কয়েক মাস ধরেই উদ্বেগ বাড়ছে। তাঁর পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় ডান চোখের দৃষ্টিশক্তির বড় অংশ হারিয়েছেন তিনি। চিঠিতে ইমরান জানিয়েছেন, চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্রোগের উচ্চ ঝুঁকির কথা বলেছেন। তাঁর হৃদ্যন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
গত ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (PIMS) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ইমরানকে। সেখানে চোখের পরীক্ষা ও চিকিৎসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, চিকিৎসকেরা তাঁর চোখ পরীক্ষা করার পাশাপাশি সাধারণ শারীরিক পরীক্ষাও করেন। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল ছিল বলে জানানো হয়। চোখের চিকিৎসার অংশ হিসেবে তাঁকে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ (Anti-VEGF) ইঞ্জেকশন দেওয়া হয়। চিকিৎসার পর রাতেই তাঁকে ফের জেলে পাঠানো হয়।
তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) এবং তাঁর পরিবারের দাবি, সরকারি হাসপাতালে সাময়িক চিকিৎসা যথেষ্ট নয়। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গিয়ে পূর্ণাঙ্গ পরীক্ষা করানো উচিত। গত ১৮ অগস্ট শীর্ষ আদালত এ বিষয়ে নির্দেশ দিয়েছিল বলে ইমরান তাঁর চিঠিতে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, সেই নির্দেশ এখনও পুরোপুরি কার্যকর হয়নি।
বুশরা বিবির চোখ নিয়েও আশঙ্কা
নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তাঁর দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এবং পরে গোপনে অস্ত্রোপচার করা হয়। আবার অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান। বুশরা বিবির আইনজীবীরাও তাঁর চিকিৎসার নথি চেয়ে এবং বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়েছেন।
ইমরানের অভিযোগ উড়িয়ে দিল সরকার
ইমরান খানের অভিযোগ অবশ্য মানতে নারাজ পাকিস্তান সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরীর দাবি, জেলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পছন্দমতো খাবার-সহ বিভিন্ন সুযোগ-সুবিধাও রয়েছে। মন্ত্রীর বক্তব্য, বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দিদের মধ্যে অন্যতম ইমরান।
সরকারি পক্ষের দাবি, নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। একাধিকবার চিকিৎসা পরীক্ষা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরকারের তরফে ইমরানের চিকিৎসা নিয়ে একাধিক পরীক্ষার উল্লেখ করা হয়েছে। তবে তাঁর পরিবার ও দলের বক্তব্য, চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্যদেরও তাঁর কাছে পৌঁছনোর সুযোগ দেওয়া প্রয়োজন।
২০২৩ সালের অগস্ট থেকে কারাবন্দি রয়েছেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক মামলা দায়ের হয়। তাঁর দাবি, মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাকিস্তানের রাজনীতিতে এখনও তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে। জেলে থাকলেও তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন সময়ে পথে নেমেছেন পিটিআই সমর্থকেরা।
চিঠিতে ইমরান লিখেছেন, একের পর এক আইনি লড়াই চালিয়ে গেলেও রাষ্ট্র তাঁকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করেছে বলে তাঁর মনে হচ্ছে। তাঁর কথায়, বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পাবেন তিনি। ফলে ইমরানের চিকিৎসা, কারাগারে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ এবং আদালতের নির্দেশ কার্যকর হওয়া নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।



