বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণ। এই প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর চিনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের পার্শ্ববৈঠকে বসেন তিন রাষ্ট্রনেতা। প্রায় ৭০ মিনিটের এই আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক নিরাপত্তা, পরমাণু অস্ত্রের ঝুঁকি, ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকা। বৈঠকের পর তিন দেশ প্রকাশ করেছে যৌথ ঘোষণাপত্রও।
তিন মহাশক্তিধর দেশের রাষ্ট্রনেতাদের এই প্রথম একসঙ্গে বৈঠককে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে আলোচনার পর কোনও বড় চুক্তি বা যুগান্তকারী সমঝোতার ঘোষণা আসেনি। বরং পরমাণু ঝুঁকি কমানো, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির ক্ষমতার সীমা নিয়ে যৌথ অবস্থান সামনে এসেছে।
পরমাণু অস্ত্র নিয়ে কী বললেন ট্রাম্প ও জিনপিং?
বৈঠকের শুরুতে শি জিনপিং বলেন, তিন মহাশক্তিধর দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকলে বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক সমস্যাগুলির মোকাবিলায় আমেরিকা, চিন ও রাশিয়ার একসঙ্গে কাজ করা প্রয়োজন। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার উপর জোর দেন চিনা প্রেসিডেন্ট।
পরমাণু অস্ত্রের প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ট্রাম্পের বক্তব্য, পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে আনা অত্যন্ত কঠিন কাজ। অন্যদিকে, তিন দেশের যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, পরমাণু যুদ্ধে কোনও পক্ষেরই জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনও হওয়া উচিত নয়। পরমাণু অস্ত্রের ঝুঁকি কমানো এবং তার বিস্তার রোধে আলোচনার পথ খোলা রাখার কথাও জানিয়েছে তিন দেশ।
জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার বার্তা
বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার বিষয়টিও বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে। তিন দেশের যৌথ ঘোষণাপত্রে পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার গুরুত্বও স্বীকার করেছেন তিন রাষ্ট্রনেতা।
বিশ্বের অন্যতম বড় অর্থনীতি এবং জ্বালানি শক্তিধর দেশগুলির মধ্যে সমন্বয় বাড়লে আন্তর্জাতিক বাজারে সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে সুবিধা হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তবে এই ঘোষণার বাস্তবায়ন কী ভাবে হবে, তা নিয়ে বিস্তারিত কোনও রূপরেখা এখনও সামনে আসেনি।
ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা
ত্রিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক সংঘাত এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও ওঠে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বিভিন্ন আঞ্চলিক সংঘাতের নিষ্পত্তিতে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। ইউক্রেনের যুদ্ধও তার বাইরে নয়। বৈঠকের আগে ও পরে ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলাদা আলোচনাও হয়েছে।
ট্রাম্পের বক্তব্যেও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। তাঁর আশা, রাশিয়া ও ইউক্রেন—দু’পক্ষই সংঘাতের অবসান চাইবে। তবে এই বৈঠকে ইউক্রেনের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ফলে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও কিয়েভের অবস্থান সরাসরি সেখানে তুলে ধরার সুযোগ ছিল না।
বৈঠকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। ট্রাম্প আদালতটির কড়া সমালোচনা করে অভিযোগ করেন, আইসিসি নিজের এখতিয়ারের সীমা অতিক্রম করছে। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক সংস্থাগুলির ক্ষমতার অপব্যবহার রুখতে হবে।
বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, রাষ্ট্রের সম্মতি এবং রাষ্ট্রীয় আধিকারিকদের দায়মুক্তির নীতিকে গুরুত্ব দিতে হবে। আইসিসি-সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার নিজেদের এখতিয়ারের অপব্যবহার করা উচিত নয় বলেও একমত হয়েছেন তিন রাষ্ট্রনেতা।
তিন দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক মতপার্থক্য রয়েছে। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পরমাণু অস্ত্র এবং আন্তর্জাতিক বাণিজ্যের মতো বিষয়ে ওয়াশিংটন, মস্কো ও বেজিংয়ের অবস্থানও এক নয়। সেই পরিস্থিতিতে তিন রাষ্ট্রনেতার একসঙ্গে বসা আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।
তবে বৈঠক থেকে কোনও বড় সমঝোতা না এলেও যৌথ ঘোষণাপত্রে কৌশলগত স্থিতিশীলতা, আন্তর্জাতিক নিরাপত্তা এবং রাষ্ট্রসংঘের সংস্কারের বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে। আপাতত এই বৈঠকের সবচেয়ে বড় বার্তা—মতপার্থক্য থাকলেও বিশ্বের তিন শক্তিধর দেশ আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।



