বাংলাদেশের রাজশাহীতে চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার অভিযোগ উঠল। মঙ্গলবার, ১৭ নভেম্বর, ঘোড়ামারা এলাকার মিঞাপাড়ায় বাড়িটির একটি ঘরের দেওয়াল ভেঙে ফেলা হয়েছে। সেই দেওয়াল ঘেঁষে থাকা একটি পুরনো বটগাছও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যেরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানানো হলেও পরিকল্পিত ভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে এই ঐতিহাসিক বসতভিটা। যদিও প্রশাসনের বক্তব্য, বিষয়টি জানার পর আরও ভাঙার কাজ বন্ধ করা হয়েছে।
রাজশাহীর ঘোড়ামারা এলাকার মিঞাপাড়ায় অবস্থিত এই বাড়িতেই জীবনের শুরুর দিনগুলি কাটিয়েছিলেন ঋত্বিক ঘটক। তাঁর পরিবারের সঙ্গে এই বাড়ির স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রতিবছর চলচ্চিত্র পরিচালকের জন্মবার্ষিকীও পালন করা হয় সেখানে। গত ৪ নভেম্বর তাঁর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই বাড়িতে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তার মাত্র কয়েক দিনের মধ্যেই বাড়ির একটি দেওয়াল ভেঙে দেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে ঐতিহ্যবাহী সম্পত্তিটির সংরক্ষণ নিয়ে।
স্থানীয় সংস্কৃতিকর্মীদের অভিযোগ, বাড়িটি ধাপে ধাপে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। ঋত্বিক ঘটক ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদ জানিয়েছেন, অবশিষ্ট একটি ঘরের দেওয়াল ভাঙার পাশাপাশি কেটে ফেলা হয়েছে পাশের বটগাছটিও। তাঁর দাবি, বারবার প্রতিবাদ জানানো হলেও বাড়িটি রক্ষার জন্য স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির প্রাক্তন সভাপতি আহসান কবীর লিটনের বক্তব্য, গত ১০-১২ বছর ধরে বাড়িটির বিভিন্ন অংশ ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে। তাঁর অভিযোগ, সম্পত্তিটির দখল নেওয়ার চেষ্টা থেকেই এই ঘটনা ঘটছে। সংস্কৃতিকর্মীদের দাবি, জায়গাটি সংরক্ষণ করে সেখানে ঋত্বিক ঘটকের স্মৃতিতে চলচ্চিত্রচর্চার কেন্দ্র গড়ে তোলা যেতে পারে।
তবে বাড়ির পাশের রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন। কলেজের পরিচালন কমিটির সভাপতি তথা অতিরিক্ত জেলা প্রশাসক নাহারুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনার কথা তিনি শুনেছেন। কলেজ কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, বটগাছের শিকড় পরিষ্কার-সহ পরিচ্ছন্নতার কাজ চলছিল। সেই কাজের সময়ই দেওয়ালটির ক্ষতি হয়ে থাকতে পারে। বাড়িটি ঋত্বিক ঘটকের পৈতৃক সম্পত্তি বলে জানার পর আরও ভাঙচুরের আশঙ্কা রয়েছে, এমন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এই বাড়ি ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। ১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন এরশাদ সরকারের আমলে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ইজারা দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ২০২০ সালে রাজশাহী জেলা প্রশাসন বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
২০২৪ সালের ৬ অগস্ট বাড়িটির তিনটি ঘর ভাঙার কাজ শুরু হয়েছিল। পরে বাড়ির বড় অংশই ধ্বংস হয়ে যায়। সেই সময়ও স্থানীয় চলচ্চিত্রকর্মী ও সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ জানিয়েছিলেন। বাড়িটি ভাঙার ঘটনায় জেলা প্রশাসন তদন্তের উদ্যোগ নেয় এবং অবশিষ্ট অংশ সংরক্ষণের আশ্বাস দিয়েছিল। কিন্তু প্রায় দু’বছর পর ফের দেওয়াল ভাঙার ঘটনায় সেই সংরক্ষণ প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
ঋত্বিক ঘটক শুধু বাংলা নয়, উপমহাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচালক। ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’ এবং ‘তিতাস একটি নদীর নাম’-এর মতো ছবির নির্মাতা তিনি। দেশভাগ, উদ্বাস্তু জীবন ও সামাজিক বাস্তবতার যন্ত্রণা তাঁর চলচ্চিত্রে বারবার উঠে এসেছে। রাজশাহীর এই বাড়ির সঙ্গে তাঁর শৈশব ও কৈশোরের স্মৃতি জড়িয়ে রয়েছে। ফলে বাড়িটির অবশিষ্ট অংশও হারিয়ে গেলে ঋত্বিকের জীবনের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মারক মুছে যাওয়ার আশঙ্কা করছেন সংস্কৃতিকর্মীরা।



