বাংলাদেশে ফের অশান্তি, টুঙ্গিপাড়া থানায় আগুন-ভাঙচুর, নিশানায় বিএনপি সাংসদের বাড়িও

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ। বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও ভাঙচুরের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অশান্তির আবহ কাটার কোনও লক্ষণ নেই। রাজনৈতিক টানাপড়েনের পাশাপাশি শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এ বার গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠল আওয়ামি লিগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একাধিক গাড়িতেও আগুন দেওয়া হয়। একই সঙ্গে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়ায় উত্তেজনা ছড়ায়। আওয়ামি লিগের কয়েকজন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এর পর একটি মসজিদের মাইকে ঘোষণা করে লোকজনকে জড়ো করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। পরে মিছিল করে থানার সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। একপর্যায়ে থানা ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

থানা চত্বরের একাধিক গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানা গিয়েছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবরও সামনে এসেছে।

ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলিতে ভাঙচুরের আওয়াজের পাশাপাশি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলাকারীদের কয়েকজনের হাতে লাঠিসোঁটাও দেখা গিয়েছে। কেউ কেউ আবার মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করছিলেন।

আরও একটি ভিডিয়োয় এইচ এম রুবেল ফরাজী নামে এক ব্যক্তিকে ফেসবুক লাইভে বলতে শোনা গিয়েছে, তাঁরা কিছুক্ষণের মধ্যেই থানা জ্বালিয়ে দেবেন। তাঁর দাবি, পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে। সেই গ্যাসের প্রভাব কমাতে তাঁরা আগুন জ্বালানোর চেষ্টা করছেন। তাঁরা পিছু হটবেন না বলেও ওই লাইভে দাবি করেন তিনি।

ঘটনা নিয়ে পুলিশের তরফেও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। পুলিশ সদর দফতরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মহম্মদ আবু সুফিয়ান প্রথম আলোকে জানিয়েছেন, টুঙ্গিপাড়া থানা দুর্বৃত্তরা ঘিরে ফেলেছে বলে তাঁরা প্রাথমিকভাবে খবর পেয়েছেন। এর পর পরিস্থিতি কোন দিকে গড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ সদর দফতরের মুখপাত্র কামারুম মুনিরাও থানায় হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়ার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, থানার পাশাপাশি সেখানে থাকা যানবাহনেও আগুন দেওয়ার খবর এসেছে।

এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানিয়েছেন, থানা ছাড়াও চৌরঙ্গীর মোড় এবং বাশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে নিরাপত্তার অভাবে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিত করা হলে তাঁরা আগুন নেভানোর কাজে যেতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দিনভর বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে গোপালগঞ্জে রাজনৈতিক সংঘাত নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি শ্রমিক অসন্তোষও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। টেক্সটাইল শিল্পের কর্মীদের ১৩০ শতাংশ বেতনবৃদ্ধির দাবিতে বিক্ষোভের খবরও সামনে এসেছে। এর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা ঘিরে রাজনৈতিক আলোচনাও চলছে। এই পরিস্থিতিতে গোপালগঞ্জের ঘটনা নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতি, আহত বা গ্রেপ্তারের সংখ্যা এবং হামলার পূর্ণ বিবরণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর