প্রায় দু’বছর বন্ধ থাকার পর অবশেষে খুলল বাংলাদেশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ। সোমবার সকালে কয়েকশো আওয়ামি লিগ নেতা-কর্মী সেখানে পৌঁছে জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত গাওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান তাঁরা। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথও নেন উপস্থিত নেতা-কর্মীরা।
রবিবার গোপালগঞ্জ সদরে আওয়ামি লিগের বিশাল মিছিলের পর সোমবার টুঙ্গিপাড়ায় সমাধিসৌধ এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামি লিগের দপ্তর পুনরায় খুলে দেওয়া হয় বলে খবর। এত দিন সমাধিসৌধটি বন্ধ থাকায় সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ ছিল না বলে দাবি স্থানীয়দের। সোমবার থেকে বঙ্গবন্ধুর সমাধির পাশের মসজিদেও ফের নমাজ শুরু হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেওয়া শেখ ইফতি জামান পল্লব জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চলবে। এ দিন সমাধিসৌধ চত্বরে নেতা-কর্মীদের উপস্থিতির পাশাপাশি বিকেল থেকে বহু মানুষ সেখানে যান। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা সমাধিসৌধের পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তাঁদের একাংশ।
গোপালগঞ্জে কড়া নিরাপত্তা, মোতায়েন বিজিবি ও আনসার
এ দিকে গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। শহরে পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাঠানো হয়েছে অত্যাধুনিক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার বা এপিসি। ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি নিরাপত্তাকর্মীদের শরীরে ক্যামেরাও লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু গোপালগঞ্জ নয়, ভারত-বাংলাদেশ সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি। আওয়ামি লিগের নেতা-কর্মীরা যাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরতে না পারেন, সেই লক্ষ্যে যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী ও দিনাজপুরের মতো সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সীমান্ত পাহারার কাজে সাধারণ নাগরিকদেরও যুক্ত করার কথা জানা গিয়েছে।
বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আওয়ামি লিগের নেতা-কর্মীদের অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। সীমান্তের গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা ও সার্চলাইট বসানোর কথাও জানিয়েছেন তিনি।
বেনাপোল-পেট্রাপোল সড়কে পাঁচ স্তরের অতিরিক্ত চেকপোস্ট তৈরির তথ্য দিয়ে ওই বিজিবি আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তের বিভিন্ন অংশে নজরদারি আরও জোরদার করা হয়েছে। তাঁর বক্তব্য, ওপার থেকে নেতারা সহজ পথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবেন না বলেই মনে করছে সীমান্তরক্ষী বাহিনী।
জামায়াতের ১১ দলের জোটের প্রস্তাব, তারেক রহমানকে ঘিরে জল্পনা
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনায় জামায়াতে ইসলামির নেতৃত্বাধীন ১১ দলের জোট। সোমবার জোটের তরফে জানানো হয়েছে, দুটি শর্ত পূরণ করা হলে আওয়ামি লিগের মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পাশে দাঁড়াতে তারা প্রস্তুত।
জোটের লিয়াজঁ কমিটির বৈঠক শেষে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে সরকারের সঙ্গে থাকতে আপত্তি নেই ১১ দলের। তবে বিএনপির একাংশের ধারণা, রাজনৈতিকভাবে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের অবস্থান শক্ত করতেই এই প্রস্তাব দিয়েছে জামায়াত।
সব মিলিয়ে শেখ মুজিবের সমাধিসৌধ খুলে দেওয়া, আওয়ামি লিগের নেতা-কর্মীদের সক্রিয়তা এবং সীমান্তে নিরাপত্তা জোরদার—এই তিন ঘটনাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।



