আলিপুরদুয়ারের কুমারগ্রামে পাঁচ বছরের এক শিশুকে খুনের অভিযোগ উঠল ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। অভিযোগ, ধারালো ভোজালি দিয়ে প্রতিবেশী শিশুটিকে খুন করার পর রায়ডাক নদীর ধারের একটি লেবু বাগানে দেহ লুকিয়ে রাখে সে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খেলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে বলে সন্দেহ তদন্তকারীদের। যদিও খেলার সামান্য বিবাদ থেকে পাঁচ বছরের শিশুকে খুন করার অভিযোগের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
ঘটনার ভয়াবহতায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত কিশোরকে হেফাজতে নিয়ে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠিয়েছে পুলিশ। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্তের মানসিক অবস্থা খতিয়ে দেখতে মনোরোগ বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার কথাও জানিয়েছেন পুলিশ সুপার।
বুধবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও পাঁচ বছরের শিশুটি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা। প্রথমে পরিবারের সদস্যরা এবং পরে প্রতিবেশীরা মিলে শিশুটির খোঁজ শুরু করেন। শেষবার তাকে ওই ১৩ বছরের কিশোরের সঙ্গে দেখা গিয়েছিল বলে জানা যায়। শিশুটির বিষয়ে জিজ্ঞাসা করা হলে কিশোরটি কিছু জানে না বলে দাবি করে।
তবে শিশুটিকে খোঁজার সময় একটি বিষয় নজরে আসে মায়ের। তিনি দেখেন, ওই কিশোরের হাতে একটি ধারালো ভোজালি রয়েছে। তখন বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলেও উদ্বেগের মধ্যে কিছুক্ষণের জন্য সেটি তাঁর মাথা থেকে বেরিয়ে যায়।
রাত ৯টা পেরিয়ে গেলেও শিশুটির কোনও খোঁজ না মেলায় আর অপেক্ষা করেননি মা। ছুটে যান কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি আউটপোস্টে। পুলিশকে নিখোঁজ শিশুর পাশাপাশি কিশোরের হাতে ধারালো অস্ত্র দেখার কথাও জানান তিনি। এরপরই তদন্তে নতুন মোড় আসে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটির সঙ্গে শেষবার ওই কিশোরের যোগাযোগ হয়েছিল। খেলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে মতবিরোধ হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশের অভিযোগ, সেই বিবাদের জেরেই পাঁচ বছরের শিশুটিকে ধারালো ভোজালি দিয়ে খুন করে অভিযুক্ত। পরে রায়ডাক নদীর ধারের একটি লেবু বাগানে দেহ লুকিয়ে রাখা হয়।
তবে এই ঘটনার পিছনে শুধুই খেলার বিবাদ কাজ করেছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে তদন্তকারীদের একাংশেরও। এত অল্প বয়সের একটি শিশুকে খুনের অভিযোগের নেপথ্যে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাদ্রি নাথ। তাঁর বক্তব্য, অভিযুক্ত কিশোর পারিবারিক টানাপড়েনের শিকার হতে পারে। তবে সেই পরিস্থিতি থেকে এমন চরম অপরাধের দিকে কী ভাবে এগোল, তা বোঝা প্রয়োজন বলে মনে করছেন তিনি।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতকুমার সাউ জানিয়েছেন, গোটা ঘটনাক্রম পুলিশকে স্তম্ভিত ও উদ্বিগ্ন করেছে। অভিযুক্ত কিশোরের ব্রেন ম্যাপিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞদের মাধ্যমে তার কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হবে।
অভিযুক্তের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে কিশোর বিচার ব্যবস্থার নিয়ম মেনেই পদক্ষেপ করা হচ্ছে। এই ঘটনায় কোনও পারিবারিক সমস্যা, মানসিক চাপ কিংবা অন্য কোনও বিষয় জড়িত কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।



