২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। আগামী ২৭ নভেম্বর প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে ফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। ওই দিন দুপুরে আনুষ্ঠানিক ঘোষণার পর বিকেল থেকেই অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ নভেম্বর দুপুর ২টো ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তৃতীয় সেমিস্টারের ফল ঘোষণা করা হবে। এরপর বিকেল ৩টে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন। ফল জানার জন্য প্রয়োজন হবে পরীক্ষার্থীর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর।
কোন ওয়েবসাইটে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল?
সংসদের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ফলাফল জানা যাবে। পরীক্ষার্থীরা result.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের ফল দেখতে পারবেন। পাশাপাশি WBCHSE Results অ্যাপের মাধ্যমেও নম্বর জানার সুযোগ থাকবে।
শুধু নিয়মিত পরীক্ষার্থীরাই নন, একই দিনে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ফলাফলও। ফলে তৃতীয় সেমিস্টারের মূল পরীক্ষার্থী এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া পড়ুয়া—দু’পক্ষই ২৭ নভেম্বর নিজেদের ফল জানতে পারবেন।
স্কুল থেকে কীভাবে মিলবে ফলাফলের কপি?
ফল প্রকাশের পর স্কুলগুলির জন্যও বিশেষ নির্দেশিকা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের পোর্টাল থেকে স্কুলগুলি পরীক্ষার্থীদের রেজাল্ট এবং রেজাল্ট সিনপসিস ডাউনলোড করতে পারবে।
এরপর স্কুলের প্রধানদের সেই ফলাফলের নথিতে সই ও সিল করে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, অনলাইনে ফল দেখার পাশাপাশি স্কুল থেকেও ফলাফলের প্রামাণ্য কপি সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা।
সব মিলিয়ে, ২৭ নভেম্বর ২০২৭ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। ফল প্রকাশের নির্ধারিত সময় বিকেল ৩টে হওয়ায় তার আগে ওয়েবসাইটে ফলাফল দেখার চেষ্টা না করাই ভালো।



