নজরবন্দি ব্যুরো: কয়লা পাচারকাণ্ডে ফের তৎপর ইডি। চলতি মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলবের পাশাপাশি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা। ১৯ জুন অর্থাৎ সোমবার মলয় ঘটকের দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ফের একবার কাজের ব্যস্ততা দেখিয়ে ইডির তলবে হাজিরা দিলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পরেও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের


জানা যাচ্ছে, সোমবার দিল্লির ইডি অফিসে কয়লা পাচার মামলায় তাঁকে তলব করা হলেও গেলেন না তিনি। এপ্রসঙ্গে মন্ত্রীর তরফে ইডিকে জানানো হয় যে, পশ্চিমবঙ্গে সামনে পঞ্চায়েত ভোট। আর এই মুহূর্তে তিনি প্রচারের কাজে জেলা সফরে ব্যস্ত। সেই কারণে এখনই দিল্লি যেতে পারছেন না তিনি। পাশাপাশি পরবর্তী সময়ে ইডিকে তদন্তে সাহায্য করার কথাও জানান তিনি। যেহেতু এনিয়ে বেশ কয়েকবার ইডির তলব এড়ালেন মন্ত্রী মলয় ঘটক। তাই এবার এটাই দেখার বিষয় যে, বর্তমানে তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ নেয়!

ইডি সূত্রের খবর, এর আগে যেহেতু মলয়কে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে বেশ কিছু নির্দেশ দিয়েছিল। সেই গুলির মধ্যে একটি হল, মলকে তলব করার অন্তত ১৫ দিন আগে তাঁকে নোটিস পাঠাতে হবে। তাই চলতি মাসের শুরুতেই হাইকোর্টের নির্দেশ মেনেই হাতে ১৫ দিন সময় রেখেই মলয়কে দিল্লিতে ইডির দফতরে ডাকা হয়েছিল।



প্রসঙ্গত, কয়লাপাচার কাণ্ডে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর থেকেই বার বার ইডির আধিকারিকরা আইনমন্ত্রীকে মেল করে তাঁর সময় চেয়েছিলেন। কিন্তু ইডি সূত্রটির দাবি, সেই মেলগুলির কোনও উত্তর দেননি মলয়। কিন্তু এরপরেই তৃতীয়বার নিজেই মেল করেন মলয়। আর সেই মেল-এ মলয় ১৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সম্মতি দেন বলে সূত্রে জানা গিয়েছে। কিন্তু প্রথমে সম্মতি দিলেও এই মুহূর্তে কাজের ব্যস্ততা দেখিয়ে হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক।
পঞ্চায়েতের প্রচারে ব্যস্ত মলয়, ফের হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী








