সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির দাপট! শনিবার আরও ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা বাংলায়

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। শনিবার সবচেয়ে বেশি দুর্যোগের আশঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগের মুখে বাংলা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ— একাধিক জেলায় আগামী কয়েক দিন চলতে পারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট। বিশেষ করে শনিবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। ওই দিন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সপ্তাহান্তে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার সম্ভাবনা প্রবল।

আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া আর্দ্র বাতাসের জোড়া প্রভাবে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। কলকাতাতেও সকাল থেকে রোদ থাকলেও বিকেল ও সন্ধ্যার পর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবারও একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে দুর্যোগের আশঙ্কা বেশি।

সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে শনিবারের জন্য। ৯ মে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই রাজ্যের একাধিক জেলায় তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে প্রবল ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবারও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়াবিদদের মতে, এই ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও বজ্রপাত এবং দমকা হাওয়ার কারণে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার সময় অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত